অন্যদের অনুপ্রেরণা দিতে পাইলট হিসেবে ফিরেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শায়েস্তা ওয়াইজ
শায়েস্তা ওয়াইজ

আফগান শরণার্থীশিবিরে জন্ম হয়েছিল শায়েস্তা ওয়াইজের। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় তাঁর পরিবার। এখন ২৯ বছর বয়সে তিনি নিজে উড়োজাহাজ চালিয়ে বিশ্ব ভ্রমণ করছেন। অন্য নারীদের জন্য জোগাচ্ছেন অনুপ্রেরণা।

এক ইঞ্জিনের একটি ছোট বিমান চালিয়ে যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি পিতৃপুরুষের দেশ আফগানিস্তানের কাবুলে এসে নামেন শায়েস্তা ওয়াইজ। আফগানিস্তানে ফিরে আসার রোমাঞ্চকর অনুভূতি জানিয়ে ওয়াইজ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘২৯টি বছর পেরিয়ে গেছে। অন্যদের অনুপ্রেরণা দিতেই একজন পাইলট হিসেবে দেশে ফিরেছি। এতে আমি সত্যিই অনেক খুশি।’

ওয়াইজের পরিবার ১৯৮৭ সালে সোভিয়েত-আফগান যুদ্ধ এড়াতে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রিচমন্ড এলাকায় বেড়ে ওঠা এই তরুণী পেশাদার পাইলট হওয়ার স্বপ্ন পূরণে ব্রতী হন। প্রথম আফগান নারী হিসেবে তিনি পেশাদার সনদধারী পাইলট হতে পেরেছেন। ‘ড্রিমস সোয়ার’ নামের একটি অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেছেন ওয়াইজ। এর মধ্য দিয়ে তিনি অল্পবয়সী মেয়ে ও তরুণীদের বিজ্ঞান, প্রযুক্তি ও গণিত শিক্ষায় অনুপ্রাণিত করতে চান। আফগানিস্তানে ফিরে একটি ফ্লাইং স্কুল প্রতিষ্ঠারও ইচ্ছে আছে তাঁর।

ওয়াইজ বলেন, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই প্রথম স্নাতক ও স্নাতকোত্তর হয়েছেন। তাঁর বিশ্বাস, যেকোনো জায়গা থেকে সব বাধা অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তবে সে জন্য স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ। বড় স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করলে আর লক্ষ্যের পেছনে লেগে থাকলে সাফল্য আসবেই। আফগানিস্তানের নারীরা অনেক দুর্দশার মধ্যে আছেন। তাঁর হৃদয় ভেঙে যায় যখন দেখেন সমবয়সী মেয়েরা কোনো সুযোগই পাচ্ছেন না। তিনি সেই সব মেয়ের জন্য কিছু করতে চান।

সর্বশেষ পর্বের আকাশযাত্রায় শায়েস্তা ওয়াইজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গত ১৩ মে যাত্রা শুরু করেন। একটি বিচক্রাফট বোনানজা এ৩৬ উড়োজাহাজ চালিয়ে বিশ্বভ্রমণ করছেন তিনি। এ সফরে ১৯টি দেশে থামবেন তিনি। আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর তিনি এশিয়া ও অস্ট্রেলিয়ার ওপর দিয়ে উড়ে ফের ফ্লোরিডায় পৌঁছাবেন।