অপসারিত প্রধান বিচারপতিকে পুনর্নিয়োগ
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বিগত সরকারের অপসারিত প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েককে আবার নিয়োগ দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে শিরানিকে অপসারণ করায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। খবর এএফপির।
গত বুধবার শিরানি বন্দরনায়েক সুপ্রিম কোর্টে গেলে আইনজীবীরা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান। তবে সাবেক প্রধান বিচারপতির এই পুনর্নিয়োগ কিছুটা আনুষ্ঠানিক বলেই মনে করা হচ্ছে। কেননা গতকাল বৃহস্পতিবারই তাঁর পদ থেকে সরে দাঁড়ানোর কথা শোনা যায়।
পদত্যাগের বিষয়ে শিরানি বন্দরনায়েকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থেই’ তিনি পদে থাকতে চান না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট সিরিসেনা শিরানি বন্দরনায়েককে লেখা এক চিঠিতে ২০১৩ সালে তাঁর অপসারণকে অসাংবিধানিক আখ্যায়িত করেন। পাশাপাশি তিনি শিরানিকে তাঁর পদে ফিরে আসার অনুরোধ করেন। ওই কর্মকর্তা বলেন, ‘প্রধান বিচারপতি তাঁর পদে ফিরে এসেছেন এবং তাঁর জায়গায় বসানো মোহন পেইরিসকে চলে যেতে বলা হয়েছে।’