অপেক্ষা ফুরাল ওয়াংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাতনিকে কোলে নিয়ে ভারতে পরিবারের সঙ্গে ওয়াং ছি
নাতনিকে কোলে নিয়ে ভারতে পরিবারের সঙ্গে ওয়াং ছি

অবশেষে পরিবারের দেখা পেলেন ওয়াং ছি। চীনা সেনাবাহিনীর এই সার্ভেয়ার ১৯৬৩ সালে ভারতে ঢুকে পড়ে গ্রেপ্তার হন। সেই থেকে আটকা। তাঁকে ভারত ছাড়তে দেওয়া হয়নি।

৫৪ বছর পর ভারতে চীনা কূটনীতিকের সাহায্যে বাড়ি ফিরেছেন ওয়াং ছি। গতকাল শুক্রবার ছেলেকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে বিমানযোগে বেইজিংয়ে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের দেখা পেয়েছেন তিনি। এখন যাত্রা শুরু করেছেন নিজের শহরের পথে।

ওয়াং ছির আকুতিতে সাড়া দিয়ে অবশেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ভারত ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেছে। তাঁর বর্তমান পরিবারকেও পাসপোর্ট দেওয়া হয়েছে। তাঁরা চাইলে চীনে যেতে পারবেন।

ওয়াং ছির বয়স এখন আশির কোঠায়। এত দিনে ভারতে থেকে তাঁর নাম হয়ে যায় রাজবাহাদুর। ১৯৭৫ সালে সুশীলা নামের এক ভারতীয় তরুণীকে বিয়ে করে ঘর-সংসার শুরু করেন তিনি। বর্তমানে তিনি তিন সন্তানের বাবা।

তবে সময় কিংবা দূরত্বের ব্যবধান দেশে ফেরার আকুতি কমাতে পারেনি ওয়াং ছির। ২০০৬ সালে জানতে পারেন মায়ের মৃত্যুর কথা। তাঁর জন্য অপেক্ষা করতে করতেই মারা যান তিনি।

ওয়াং ছি জানান, ১৯৬৩ সালে চীনা সেনাবাহিনীর জন্য সীমান্তে সড়কের মাপজোখ করতে গিয়ে ভুলে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন তিনি। ভারতীয় কর্তৃপক্ষ অবশ্য তা বিশ্বাস করেনি। আটকের পর প্রায় সাত বছর কারাগারে কাটে তাঁর। ১৯৬৯ সালে জামিন পান। পুলিশ তাঁকে নিয়ে মধ্যপ্রদেশের প্রত্যন্ত এক গ্রামে রেখে আসে। সেই থেকে ওয়াং ছিকে ভারত ছাড়তে দেওয়া হয়নি। দেওয়া হয়নি ভারতীয় নাগরিকত্ব বা বসবাসের কোনো অনুমতিও। ছির চীনে থাকা স্বজনেরা বলেছেন, ভারত ত্যাগ করার জন্য তাঁর কিছু কাগজপত্র লাগবে।

তবে ভারতীয় কর্মকর্তারা জানান, হয়তো ‘কিছু ঘাটতি’ অথবা ‘আগ্রহের অভাবে’ চীনে ফেরা হয়নি ছির। চীনা দূতাবাস ২০১৩ সালে ওয়াং ছিকে একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেয়। কিন্তু ওই পর্যন্তই। সরকারি কাজের ধীরগতি ওয়াং ছির যাতনাময় প্রতীক্ষার সময়ই কেবল বাড়িয়েছে।

আরও পড়ুন: