অবরুদ্ধ বহু রোহিঙ্গা গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে শত শত রোহিঙ্গা মুসলিমকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় বৌদ্ধরা। এ ঘটনায় রোহিঙ্গাদের ওপর দেশটিতে নতুন করে নির্যাতন-নিপীড়ন চালানোর আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনায় মানবাধিকার পর্যবেক্ষক ও ত্রাণসহায়তার কাজে নিয়োজিত বিভিন্ন সংগঠনের কর্মীরা উদ্বেগ জানিয়ে বলেছেন, এত দিন রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সহিংসতা সীমাবদ্ধ থাকলেও তা এখন এমন একটি এলাকায় ছড়াতে পারে, যেখানে উভয় সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষের বসবাস।

স্থানীয় বাসিন্দা, ত্রাণকর্মী ও পর্যবেক্ষকেরা রয়টার্সকে বলেছেন, জেডি পাইন নামের পশ্চিমাঞ্চলীয় গ্রামটিতে তিন সপ্তাহ ধরে শত শত রোহিঙ্গা মুসলিম অবরুদ্ধ হয়ে আছে। তাদের কর্মস্থলে যেতে বা খাওয়ার পানিও সংগ্রহ করতে দিচ্ছে না তাদের প্রতিবেশী বৌদ্ধরা। তবে গত মঙ্গলবার সীমিতসংখ্যক মানুষকে অবরোধের মধ্যে অপরিহার্য রসদ সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, রোহিঙ্গারা যে পরিমাণ খাদ্যসামগ্রী কিনে থাকে তা যাতে তারা না পায় সে ব্যাপারে কড়াকড়ি আরোপ করছে রাখাইনের বৌদ্ধ গ্রামবাসী। তবে রোহিঙ্গাদের চলাফেরা ও কর্মস্থলে যাওয়া নিয়ে কোনো বাধা সৃষ্টির খবর পুলিশ নাকচ করেছে।

মিয়ানমারের পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কর্নেল মেয়ো থু সোয়ে বলেন, ‘আমার ধারণা, সেখানকার রোহিঙ্গা গ্রামবাসী আতঙ্ক থেকে বাইরে বেরোচ্ছে না।’ সরকারের তরফে জানানো হয়েছে, এলাকার নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে।

বিদ্যমান পরিস্থিতিতে ২০১২ সালে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তউয়ে সৃষ্ট সাম্প্রদায়িক সহিংসতার মতো ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা দেখা দিয়েছে। ওই সহিংসতায় প্রায় ২০০ মানুষ প্রাণ হারায়। আর বাস্তুচ্যুত হয় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। তাদের অধিকাংশই রোহিঙ্গা।

রোহিঙ্গা পর্যবেক্ষক গ্রুপ আরাকান প্রজেক্টের কর্মকর্তা ক্রিস লিউয়া বলেন, ‘জে ডি পাইনের পরিস্থিতি দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সহিংসতায় মোড় নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।’