অবরুদ্ধ লস্করগাহ ছাড়তে জনগণের প্রতি আহ্বান আফগান বাহিনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের সরকারি বাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিতে চায় তালেবান।
ফাইল ছবি, এএফপি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ছাড়তে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয়। খবর এএফপির।

হেলমান্দের রাজধানীর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে সম্প্রতি ব্যাপক লড়াই চলছে। এ লড়াই গত সোমবার ও গতকাল মঙ্গলবার ব্যাপক আকার ধারণ করে। সেখানকার পরিস্থিতি তুলে ধরে জাতিসংঘের পক্ষ থেকে গতকাল বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। আর আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলায় তালেবানের ৭৭ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানের এ এলাকায় সরকারি বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল সামি সাদাত। তিনি লস্করগাহের বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, ‘দয়া করে যত দ্রুত সম্ভব এ এলাকা ছেড়ে চলে যান, যাতে আমরা অভিযান শুরু করতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি, এভাবে বাড়ি ছেড়ে যাওয়া কঠিন। এটা আমাদের জন্যও কঠিন। আপনারা যদি অল্প কয়েক দিনের জন্য বাস্তুচ্যুত হন, তবে আমাদের ক্ষমা করবেন।’

সাদাত বলেন, ‘আমরা তালেবানের সঙ্গে লড়াই করছি। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। তাদের একজনকেও আমরা জীবিত ছাড়ব না।’

হেলমান্দের রাজধানীতে প্রায় দুই লাখ মানুষের বসবাস। তাঁরাও জীবন নিয়ে শঙ্কিত। এ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে কথা বলেছেন বাসিন্দারা। লস্করগাহের এক বাসিন্দা সেখানকার পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘এখানে তালেবান আমাদের প্রতি কোনো অনুকম্পা দেখাবে না। আর সরকারি বাহিনীও তাদের হামলা বন্ধ করবে না।’ নিরাপত্তার সার্থে বিবিসি ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। এমন নাম প্রকাশ না করা আরেক ব্যক্তি বলেন, ‘রাস্তায় সেনারা ঘুরে বেড়াচ্ছে। আমরা ঠিক জানি না, এরা সরকারি বাহিনী, নাকি তালেবান।’ দুই পক্ষের লড়াই থেকে বাঁচতে অনেকেই শহর ছেড়ে হেলমান্দ নদীতীরবর্তী এলাকায় অবস্থান নিচ্ছেন বলে জানান তিনি।