অবরোধ তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিহার্য সামগ্রীর সরবরাহ আটকে দিয়ে ভারত সীমান্তে তৈরি করা অবরোধ তুলে নেওয়ার জন্য নেপালের বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। খবর এএফপির।
নেপালি বিক্ষোভকারীদের প্রতি গত শুক্রবার এ আহ্বান জানান বান কি মুন। একই সঙ্গে সরকারের সঙ্গে চলা মতপার্থক্য নিরসনে তাঁদের সংলাপে বসারও আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার নেপালে আরেকটি বিক্ষোভ হওয়ার কথা ছিল। এতে দেশটিতে ভারত থেকে পণ্য সরবরাহের পথে প্রতিবন্ধকতা আরও জোরালো হওয়ার আশঙ্কা দেখা দেয়। আর এ বিক্ষোভকে সামনে রেখে ওই আহ্বান জানান বান কি মুন।
জ্বালানি ও অন্য অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নেপাল প্রতিবেশী ভারতের ওপর অনেকখানি নির্ভরশীল। নেপালে দীর্ঘ সরকারবিরোধী বিক্ষোভের কারণে ওই পণ্য সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। নেপালের রাজনীতিকেরা এ নিয়ে ভারতের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করে বলেছেন, তারা অনানুষ্ঠানিক অবরোধ আরোপ করেছে। তবে প্রভাবশালী প্রতিবেশী ভারত এই অভিযোগ অস্বীকার করেছে।
সংকটপূর্ণ এই অবস্থায় শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তিফেন দুজারিক বলেন, অবরোধের ফলে নেপালে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ঢুকতে না পারায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বান কি মুন। দুজারিক বলেন, জীবন রক্ষাকারী চিকিৎসাসামগ্রী প্রবেশে বাধা দেওয়া ও নষ্ট করা এবং এর ফলে মানবিক তৎপরতায় বিরূপ প্রভাব পড়তে থাকার খবরে উদ্বিগ্ন বান কি মুন।