অবশেষে দেখা দিলেন উন
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেখা দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। এ সময় ছড়ি ছিল তাঁর হাতে। আজ মঙ্গলবার এএফপির খবরে এ কথা জানানো হয়।
কিম উনকে দীর্ঘদিন ধরে কোথাও দেখা যাচ্ছিল না। তাঁর এই অনুপস্থিতি নিয়ে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। এতে গুজব রটে, তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পারমাণবিক শক্তির অধিকারী এই রাষ্ট্রে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে বলেও গুজব ছড়িয়ে পড়ে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে আজ জানানো হয়, প্রায় ছয় সপ্তাহ ধরে জনসমক্ষে অনুপস্থিত কিম উন পিয়ংইয়ংয়ে বাসস্থানের নবনির্মিত ভবন ও বিজ্ঞান প্রতিষ্ঠান পরিদর্শনে যান।
ক্ষমতাসীন দলের সংবাদপত্র রোদং সিনমুন পত্রিকার প্রথম পাতায় বড় করে হাস্যোজ্জ্বল উনের একটি ছবি ছাপা হয়েছে। এর চেয়ে অপেক্ষাকৃত ছোট পূর্ণাঙ্গ আকারের একটি ছবিতে দেখা যায়, উনের বাঁ হাতে একটি কালো রঙের ছড়ি।
কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা কেসিএনএর খবরে জানানো হয়, বাড়ি ও সরকারি ভবনগুলোর বাইরের অংশ নানা রঙের টালি দিয়ে সাজানো হয়েছে দেখে কিম সন্তোষ প্রকাশ করেছেন। এগুলো খুব সুন্দর লাগছে বলেও তিনি মন্তব্য করেন।
তিরিশের ঘরে থাকা কিম ৩ সেপ্টেম্বর তাঁর স্ত্রীর সঙ্গে একটি সংগীত অনুষ্ঠান উপভোগের পর থেকে আর জনসমক্ষে আসেননি।