শেষ পর্যন্ত দেশি-বিদেশি চাপের কাছে নতিস্বীকার করে বিদায় বললেন ইরাকের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি। তাঁর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। শিয়া নেতা মালিকির পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে সংকটকবলিত দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হলো। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
মালিকি বৃহস্পতিবার রাতে এক টেলিভিশন ভাষণে নিজের আট বছরের শাসনের অবসান এবং উত্তরসূরি হিসেবে আরেক শিয়া নেতা হায়দার আল-ইবাদির মনোনয়নকে সমর্থন করার ঘোষণা দেন। এ সময় শিয়া দলগুলোর জোটের একাংশের মনোনীত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের আহ্বান পাওয়া হায়দার আল-ইবাদি তাঁর পাশেই ছিলেন।
মালিকির ওপর থেকে তাঁর একসময়ের সমর্থক যুক্তরাষ্ট্র, ইরানসহ বিদেশিরা মুখ ফিরিয়ে নিয়েছিল। নিজ দল দাওয়া পার্টিসহ ঘরের সমর্থকেরাও পদত্যাগের জন্য চাপ দিচ্ছিল। তার পরও তিনি অনড় ছিলেন।
মালিকির পদত্যাগের সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ ও সম্মানজনক’ আখ্যা দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, আইএস জঙ্গিদের হুমকি মোকাবিলায় একটি নতুন ও সবার অংশগ্রহণমূলক সরকার গঠনে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুনও মালিকির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
ইরাকে গত ৩০ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে মালিকির নেতৃত্বাধীন শিয়া দলগুলোর জোট সবচেয়ে বেশি আসন পেলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে সংকট শুরু হয়।
কুর্দিদের অস্ত্র দিতে বৈঠক: ইরাক সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মন্ত্রীদের গতকাল শুক্রবার বেলজিয়ামে বৈঠকে বসার কথা ছিল। ওই বৈঠকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত কুর্দি পেশমেরগা বাহিনীকে অস্ত্র দেওয়ার বিষয়টি অনুমোদনের চেষ্টা করা হবে। এদিকে যুক্তরাজ্য বলেছে, তারা কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে।