ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন বন্ধের সুপারিশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী এই চতুষ্টয়ের তৈরি এক খসড়া প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। বহুল প্রতীক্ষিত এ খসড়া প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। তবে রয়টার্স এটি দেখেছে।
খসড়া প্রতিবেদনে ইসরায়েলের প্রতি বসতি স্থাপন, ফিলিস্তিনের উন্নয়ন ব্যাহত করা এবং যেসব জায়গায় ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সেসব ভূখণ্ড শুধু নিজেদের ব্যবহারের জন্য দখলে নেওয়া বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, অন্তত ৫ লাখ ৭০ হাজার ইসরায়েলি ইহুদি বসতিগুলোতে থাকে। অধিকৃত ভূখণ্ডে নির্মিত এ বসতিগুলোকে বিশ্বের বেশির ভাগ দেশ অবৈধ বিবেচনা করে।
অচল হয়ে পড়া মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় প্রাণ ফেরানোর চেষ্টারত ওই চার পক্ষ প্রতিবেদনে বলেছে, ইসরায়েলের নীতি ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কার্যকারিতাকে অব্যাহতভাবে ক্ষতিগ্রস্ত করছে। এসব বিষয় দেশটির দীর্ঘমেয়াদি অভিপ্রায় নিয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছে, যা ফিলিস্তিনকে কখনোই একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে না দেওয়ার বিষয়ে কিছু ইসরায়েলি মন্ত্রীর বিবৃতির ফলে আরও জটিল হয়ে উঠেছে।
বার্তা সংস্থার খবরে বলা হয়, গত বছরের মার্চে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগের দিন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, কখনোই একটি ফিলিস্তিন রাষ্ট্র হতে দেওয়া হবে না। এ বক্তব্যের কয়েক দিন পরই নিজের অবস্থান পাল্টে দ্বিরাষ্ট্র গঠনের লক্ষ্যের প্রতি আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে প্রতিবেদনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যবিষয়ক জাতিসংঘের দূত নিকোলা ম্লাদেনভ গত বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ খসড়া প্রতিবেদনের ওপর অবহিত করেন। সাংবাদিকদের তিনি বলেন, এটি চূড়ান্ত অনুমোদনের জন্য ওই চতুষ্টয়ের কাছে দাখিল করা হয়েছে। শুক্রবার (গতকাল) এটি প্রকাশ করা হতে পারে।