অভিজ্ঞতার জোরে নাটকীয় প্রত্যাবর্তন নেতানিয়াহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনিয়ামিন নেতানিয়াহু
বেনিয়ামিন নেতানিয়াহু

জনমত জরিপ আবারও ভুল প্রমাণিত হলো ইসরায়েলের নির্বাচনে। আগের জরিপের ফল তো মেলেইনি, এমনকি কেন্দ্রফেরত ভোটারদের ওপর পরিচালিত জরিপের ফলের চেয়েও অনেক বেশি ভোট পেয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কেন্দ্রফেরত জরিপ শেষে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আইজ্যাক হারজগ বলেছিলেন, লড়াই হবে সমানে-সমানে।
ফলটা হারজগের আশানুরূপ হলে তা ইসরায়েলের বামপন্থীদের জন্য অন্তত ২০ বছরের মধ্যে সেরা অর্জন হিসেবে গণ্য হতো। কিন্তু ঘোষিত ফলাফল অনুযায়ী, ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক দল লিকুদ পার্টি সুস্পষ্ট জয় পেয়েছে। অথচ নির্বাচনের চার দিন আগেও মনে হচ্ছিল, তিনি পরাজিত হতে যাচ্ছেন। কিন্তু আগেও তিনটি নির্বাচনে বিজয়ী এই নেতা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ মুহূর্তের তৎপরতায় ঠিকই জয়ের লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হয়েছেন। প্রচারাভিযানে নেতানিয়াহু বারবার বলেছেন, লিকুদ পার্টি হেরে গেলে দেশের জন্য বিপদ নেমে আসবে। মধ্য বামপন্থীদের ভোট দিলে জঙ্গিবাদের উত্থানের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
নেতানিয়াহু ২০ বছরের অধিকাংশ সময় ধরে ইসরায়েলি রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছেন। প্রথম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর ১৯৯৯ সালের নির্বাচনে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। তবে এবার শেষ পর্যায়ের কয়েক দিনের নির্বাচনী প্রচারণায়ই লিকুদ নেতা প্রমাণ করে দেন, কী কারণে তাঁকে একজন দুর্দান্ত রাজনীতিক হিসেবে গণ্য করা হয়। নেতানিয়াহু আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা হারজগের জায়োনিস্ট ইউনিয়নের সঙ্গে নিজের কট্টর জাতীয়তাবাদী ডানপন্থী দলের ব্যবধান কমাতে সমর্থ হন এবং একপর্যায়ে প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়েও যান। তিনি হেরে গেলে ইসরায়েলের কী পরিণতি হবে, সে ব্যাপারে বেশ কিছু অশনিসংকেত দেন নেতানিয়াহু। নেতানিয়াহুর ডাকে ভোটকেন্দ্রগুলোতে তাঁর সমর্থকদের উপস্থিতিও ছিল সন্তোষজনক।
প্রচারণায় নেতানিয়াহু অঙ্গীকার করেছিলেন, তিনি প্রধানমন্ত্রী থাকলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অটুট থাকবে। এটা ইসরায়েলের জনগণের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় বটে। অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য হাজার হাজার নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার অঙ্গীকারও করেছেন নেতানিয়াহু। প্রচারণার শেষ দিন ঘোষণা দেন, আবার প্রধানমন্ত্রী হলে ফিলিস্তিনিদের একটি পৃথক রাষ্ট্র পাওয়ার সুযোগ তিনি দেবেন না। এ কথা নিছক বাগাড়ম্বর হোক আর না-ই হোক, তা নিশ্চয়ই অন্তত কিছু ভোটারকে টেনেছে।
ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গিডিওন রাহাত বলেন, ডানপন্থী এবং মধ্য-বামপন্থীদের মধ্যে নির্বাচনী আসনগুলো রদবদল হয়েছে কেবল। এ ছাড়া তেমন কোনো পরিবর্তন ঘটেনি।
হোয়াইট হাউসের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কে সম্প্রতি কিছুটা টানাপোড়েন চলছে। এ সম্পর্কের আরও অবনতি হতে পারে। তবে নিজ দেশের রাজনীতিতে জাতীয়তাবাদীদের সমর্থন নিয়ে তিনি হয়তো আরও শক্তিশালী হয়ে উঠবেন। সূত্র: বিবিসি ও রয়টার্স