অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান বন্ধ করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসী শ্রমিকদের ওপর দমন-পীড়ন অভিযান বন্ধে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার আইনপ্রণেতারা। দেশটিতে ছয় হাজারের বেশি অভিবাসী শ্রমিক গ্রেপ্তারের ঘটনায় গত সোমবার অন্য দেশের আইনপ্রণেতারা এই আহ্বান জানান।

 মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অভিবাসীদের তালিকা তৈরির কাজ গত ৩০ জুন শেষ হওয়ার পর এই গ্রেপ্তার অভিযান শুরু করা হয়। অভিযানে বিপুলসংখ্যক শ্রমিককে আকস্মিকভাবে গ্রেপ্তারের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে।

মালয়েশিয়ার সরকারি নথি অনুযায়ী, সাম্প্রতিক অভিযানে ৬ হাজার ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর একটি বড় অংশই বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান। এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, ফিলিপাইন ও ভিয়েতনামের নাগরিকেরা রয়েছেন।

কুয়ালালামপুরে সফররত ফিলিপাইনের আইনপ্রণেতা এমি ডে জেসাস বলেন, মানবেতর পরিবেশে অনির্দিষ্টকালের জন্য আটক রাখাসহ অভিবাসীদের সঙ্গে আইনপ্রয়োগকারী বাহিনীগুলো খারাপ আচরণ করছে, যা অত্যন্ত উদ্বেগের। এই অমানবিক কর্মকাণ্ড অবশ্যই থামাতে হবে। এ ছাড়া দেশটিতে অনেক অভিবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

 উদ্ভূত প্রেক্ষাপটে মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের পক্ষে কাজ করা সংগঠন তেনাগানিতা বলেছে, শরণার্থীসহ কাগজপত্রবিহীন বিপুলসংখ্যক শ্রমিককে হাতকড়া পরানো, গ্রেপ্তার ও অপরাধী হিসেবে চিহ্নিত করা এবং তাঁদের কারাগার ও আটককেন্দ্রে পাঠাতে দেখা দুঃখজনক।

এদিকে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস অভিবাসী শ্রমিকদের সুরক্ষা ও তাঁদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অঞ্চলভিত্তিক একটি চুক্তি করার পরামর্শ দিয়েছে। এ জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে তারা।