অভিবাসীদের নৌকাডুবি ২৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরীয় উপকূলে অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে গতকাল বুধবার অন্তত ২৯ জন মারা গেছেন। উদ্ধার করা হয়েছে অন্তত দেড় শ জনকে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় এক কর্মকর্তাকে উদ্ধৃত করে মিসরের সংবাদ সংস্থা মিনা জানায়, কাফর আল শেখ উপকূলে নৌকাডুবির এ ঘটনা ঘটে। নৌকাটিতে প্রায় ছয় শ যাত্রী ছিলেন। ২৯টি লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত ব্যক্তিদের উদ্ধারের জন্য জোর তৎপরতা চলছে।

ইউরোপমুখী ক্রমবর্ধমান অভিবাসনপ্রত্যাশীরা মিসরকে পথ হিসেবে ব্যবহার করছেন—ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সংস্থার প্রধানের করা হুঁশিয়ারির পরপরই গতকালের নৌ দুর্ঘটনার খবর এল। নিরাপত্তা সূত্র জানায়, কম মজবুত নৌকায় চেপে মিসর, সিরিয়া ও আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপমুখী হচ্ছেন।

মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সুদানি ও ‘আফ্রিকান জাতীয়তার অন্যরা’ নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন। তাঁদের গন্তব্যস্থল কোথায় ছিল, তা জানা যায়নি। যদিও কর্মকর্তাদের ধারণা, সম্ভবত তাঁরা ইতালি যাচ্ছিলেন।

 জাতিসংঘের হিসাবে, ২০১৪ সাল থেকে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সাগরপথ পাড়ি দিতে গিয়ে ১০ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে।