অভিশংসনের পর নেপালের প্রধান বিচারপতি বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্লামেন্টে অভিশংসিত নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চোলেন্দ্র শামসের রানা
ফাইল ছবি

পার্লামেন্টে অভিশংসিত হওয়ার পর নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চোলেন্দ্র শামসের রানাকে বরখাস্ত করা হয়েছে। স্বজনদের রাজনৈতিক অবস্থান তৈরি করে দিতে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে সরিয়ে দেওয়ার অভিযোগে আইনপ্রণেতারা তাঁকে অভিশংসন করেন। পরে গত রোববার তাঁকে বরখাস্ত করা হয়।

প্রধান বিচারপতিকে বরখাস্তের মাধ্যমে নেপালের দীর্ঘ রাজনৈতিক বিরোধ গভীরতর হচ্ছে। দেশটির রাজনৈতিক সংকট নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। পার্লামেন্টের অচলাবস্থাও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে সাম্প্রতিক মাসগুলোতে নেপালে সরকার পরিচালনা করা অসম্ভব হয়ে উঠেছে।

নেপাল সরকার এক বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে। এর আগের সরকারের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে জোট শরিক দলগুলোর ক্ষমতা ভাগাভাগি থেকে এই অচলাবস্থা তৈরি হয়েছিল। এর জেরে কে পি শর্মা ওলি এক বছরের মধ্যে দুই দফায় দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন।

গত বছরের জুলাইয়ে সুপ্রিম কোর্ট কে পি শর্মা ওলিকে সরিয়ে দিয়ে পার্লামেন্ট পুনর্বহালের আদেশ দেন। তখন প্রধান বিচারপতি ছিলেন চোলেন্দ্র শামসের রানা। প্রধান বিচারপতির নেতৃত্বে তখন সুপ্রিম কোর্ট এ নিয়ে এক রুল জারি করে বলেন, পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া অসাংবিধানিক।

এ ঘটনার কয়েক দিন পর প্রধান বিচারপতির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তোলে নেপালের আইনজীবী সম্প্রদায় ও সুপ্রিম কোর্টে তাঁর সহকর্মীরা। নেপালের বার অ্যাসোসিয়েশন অভিযোগ তোলে, প্রধান বিচারপতি তাঁর স্বজনদের মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রতিশ্রুতির বিনিময়ে কৌশলে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন।

বিভিন্ন মামলার রায়ের ক্ষেত্রে সহকর্মী বিচারকদের প্রভাবিত করারও অভিযোগ ওঠে প্রধান বিচারপতি রানার বিরুদ্ধে। অবশ্য তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

গত বছরের অক্টোবরে প্রধান বিচারপতি রানার শ্যালক গজেন্দ্র বাহাদুর হামালকে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাঁকে নিয়োগ দেওয়ার পর নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু করেন দেশটির আইনজীবীরা। এতে তিন দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

আইনজীবীরা প্রধান বিচারপতি রানাকে অভিশংসিত করার দাবি তোলেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কয়েক সপ্তাহ বেঞ্চ বয়কট করেন। এ কারণে বেশির ভাগ মামলার রায় থমকে যায়। এ পরিস্থিতিতে বাদীদের সঙ্গে যাঁরা দূর-দূরান্ত থেকে কাঠমান্ডু আসেন, তাঁরা মামলার শুনানি ছাড়াই বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলেন।

সমালোচকেরা বলছেন, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির পদে চোলেন্দ্র শামসের রানা থাকায় বিরোধের কারণে দেশটির মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

তবে প্রধান বিচারপতিকে অভিশংসনের ভোটেও বিস্ময়কর ফল দেখা যায়। অভিশংসনের প্রস্তাবে সমর্থন দিয়েছেন দেশটির মাত্র এক-তৃতীয়াংশ আইনপ্রণেতা।

দেশটির আইনমন্ত্রী দিলেন্দ্র প্রসাদ বাদু এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে বিচারব্যবস্থায় চলা অচলাবস্থার নিরসনে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দিলেন্দ্র প্রসাদ বাদু বলেন, ‘বিচার বিভাগ ন্যায়বিচার দিতে ব্যর্থ হওয়ায় নির্বাহী ও বিচার বিভাগের ক্ষমতা পৃথকীকরণের আওতায় আমরা আমাদের ভূমিকা পালন করেছি।’

এ বিষয়ে প্রধান বিচারপতি রানার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় একটি সংবাদমাধ্যম বলছে, তিনি ‘আইন এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করবেন।’