অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টোকিও অলিম্পিকবিরোধী প্রচারে অংশ নেওয়া জাপানের একজন আইনজীবী কেনজি উতসুনোমিয়া। টোকিও সিটি গভর্নরের কাছে অলিম্পিক গেমস বন্ধ করতে আবেদন জমা দেওয়ার পর। ১৪ মে, ২০২১
ছবি: এএফপি

করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের পর্দা ওঠার কথা রয়েছে আগামী ২৩ জুলাই। তবে এটা করা হলে তা ‘ভয়ানক আত্মঘাতী’ হবে বলে জানিয়েছেন জাপানের ই-কমার্স জায়ান্ট রাকুটেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিরোশি মিকিতানি। খবর, এএফপির।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরোশি মিকিতানি বলেছেন, ‘বিশ্বের প্রায় সব দেশের অংশগ্রহণে এত বড় একটি আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন করা বিপজ্জনক। এটি অনেক বড় ঝুঁকি। আমি এ বছর টোকিও অলিম্পিক আয়োজনের বিপক্ষে।’

বর্তমানে দেশজুড়ে করোনাভাইরাসের চতুর্থ ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান। স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির চলমান জরুরি অবস্থা আরও বাড়িয়েছে কর্তৃপক্ষ।

জাপানের বর্তমান করোনা পরিস্থিতি দেশটির স্বাস্থ্যসেবাব্যবস্থায় ব্যাপক চাপ সৃষ্টি করেছে। চিকিৎসাসেবা–সংশ্লিষ্টরা এই খাতে নানা রকমের ঘাটতির বিষয়ে বারবার সতর্ক করেছে।

মানুষের মতামত উপেক্ষা করে আগামী জুলাইয়ে অলিম্পিক আয়োজনের সিদ্ধান্তে এখনো অটল রয়েছে জাপান। বেশির ভাগ মানুষেরই প্রত্যাশা, এবারের টোকিও অলিম্পিক যেন আরও পেছানো হয়। অনেকে তো টোকিও অলিম্পিক-২০২১ বাতিলের পক্ষেই রায় দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার টোকিও অলিম্পিক বাতিলের জন্য সিটি গভর্নরের কাছে ৩ লাখ ৫১ হাজার মানুষের স্বাক্ষর করা একটি আবেদন জমা দেওয়া হয়।
রাকুটেনের সিইও মিকিতানি মহামারি মোকাবিলায় জাপান সরকারের নানা পদক্ষেপের সমালোচনা করে আসছেন। তিনি মনে করেন, টোকিও অলিম্পিকের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত থেকে সরকার চাইলে এখনো সরে আসতে পারে। তাঁর মতে, চাইলে সবই সম্ভব।

তবে আয়োজকেরা বলছেন, তাঁরা নিরাপদেই অলিম্পিক গেমস আয়োজন করতে পারবেন।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘নিরাপদ ও সুরক্ষিত অলিম্পিক গেমস আয়োজন করা সম্ভব। আমরা দৃঢ়ভাবে প্রস্তুতি নিয়ে এগোতে চাই।’