অলিম্পিক বিতর্কে এবার সম্রাট নারুহিতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাস মহামারির মধ্যে টোকিও অলিম্পিক আয়োজন করা ঠিক হবে কি না, তা নিয়ে চলতে থাকা বিতর্ক এখন অনেকটা স্তিমিত হয়ে আসছে। এর মধ্যেই আজ শুক্রবার জাপানের সম্রাট নারুহিতোর বরাত দিয়ে প্রকাশিত একটি সংবাদ সেই বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে।

জাপানের কিওদো বার্তা সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্রাটপরিবারের দেখভালের দায়িত্ব পালন করেন ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সির প্রধান ইয়াসুহিকো নিশিমুরা। এক দিন আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টোকিও অলিম্পিক ও প্যারা–অলিম্পিক করোনাভাইরাস সংক্রমণ আরও বাড়িয়ে দিতে পারে। এ নিয়ে সম্রাট উদ্বিগ্ন।

নিশিমুরার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তাঁর মনে হয়েছে, সম্রাট এ কারণে উদ্বিগ্ন যে জনগণের মধ্যে শঙ্কা বিরাজমান থাকা অবস্থায় এই ইভেন্ট আয়োজন থেকে সংক্রমণ হয়তো বিস্তৃত হবে। যদিও তিনি সম্রাটের মুখ থেকে সরাসরি এ কথা শোনেনি। কিন্তু সম্রাটের সঙ্গে প্রতিদিন তাঁর কথা হয় বলে এমনটা তিনি মনে করছেন। নিশিমুরার সেই মন্তব্য প্রচারিত হওয়ার পর নিরাপদ অলিম্পিকের আয়োজন আদৌ সম্ভব হবে কি না, সেই প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হয়েছে জাপানে।

অলিম্পিক শুরু হওয়ার ঠিক এক মাস বাকি। এমন অবস্থায় ইভেন্টের প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত বেশ কিছু অনুষ্ঠান হয়ে যাওয়ার ঠিক এক দিন পর এ রকম একটি খবর প্রকাশিত হওয়ায় সরকার নিশ্চিতভাবেই উদ্বিগ্ন। তবে গতকাল বৃহস্পতিবার জাপানের মন্ত্রিসভার চিফ ক্যাবিনেট সেক্রেটারি ও সরকারের শীর্ষ মুখপাত্র কাৎসুনোবু কাতো বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি। তিনি শুধু বলেন, এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার অনুরোধ ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সির প্রতি তিনি জানাবেন। তিনি বলেন, নিরাপদ ও শঙ্কামুক্ত খেলার ব্যবস্থা জাপান সরকার অবশ্যই করবে।

৬১ বছর বয়সী সম্রাট হচ্ছেন টোকিও অলিম্পিক ও প্যারা–অলম্পিকের প্রধান পৃষ্ঠপোষক। অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার দিন তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। জাপানের সংবিধান অনুযায়ী, সম্রাট হলেন রাষ্ট্র ও জনগণের ঐক্যের প্রতীক এবং রাজনৈতিক কোনো ক্ষমতা সম্রাটের হাতে ন্যস্ত নেই। রাষ্ট্র কিংবা সরকার যেসব বিষয়ে জড়িত আছে, সে রকম কোনো প্রসঙ্গ নিয়ে মন্তব্য করা থেকে সম্রাট সাধারণত বিরত থাকেন। ফলে সম্রাটের পক্ষ হয়ে ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সির প্রধান অলিম্পিক এগিয়ে আসা অবস্থায় কেন এই মন্তব্য করলেন, তা নিয়ে অনেকেই এখন সমালোচনা শুরু করেছেন।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা আজ সাংবাদিকদের বলেন, তাঁর ধারণা নিশিমুরা নিজের অভিমত ব্যক্ত করেছেন, সম্রাটের নয়। প্রধানমন্ত্রীর এই পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করে চিফ ক্যাবিনেট সেক্রেটারিও আজ বলেছেন যে নিশিমুরা নিজের অভিমত সেখানে ব্যক্ত করেছেন এবং সংবিধান–সম্পর্কিত কোনো সমস্যা এখানে তিনি দেখছেন না।

জাপানের সংবিধানের চতুর্থ ধারায় উল্লেখ করা আছে যে সম্রাট কেবল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন এবং সম্রাটের রাজনীতিতে জড়িত হওয়া সেখানে নিষিদ্ধ করা হয়েছে। ফলে করোনাভাইরাস সংক্রমণ চলাকালে অলিম্পিকের আয়োজন রাজনৈতিক বিতর্কের একটি বিষয় হয়ে ওঠায় সম্রাটের সেই কথিত অভিমতের ভিন্ন ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়ে গেছে এবং এ কারণেই প্রধানমন্ত্রী ও চিফ ক্যাবিনেট সেক্রেটারি—উভয়ের মন্তব্য ছিল খুবই সতর্ক।

তবে যে প্রশ্ন অনেকেই করতে শুরু করেছেন তা হলো, ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সির প্রধানের মতো গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে নিয়োজিত ব্যক্তি কেন সম্রাটের মনোভাবের উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করলেন। বিশেষ করে এই পদে যাঁরা নিয়োগ পান, তাঁরা সবাই সাধারণত সর্বোচ্চ পর্যায়ের আমলা। সাফল্যের সঙ্গে সরকারি দায়িত্ব পালনের সুনাম যাঁদের আছে, তাঁরাই এসব পদে বসেন।

জাপানের সম্রাটপরিবার নিয়ে যাঁরা গবেষণাধর্মী কাজ করেছেন, তেমন কয়েকজন শিক্ষাবিদের সঙ্গে কথা বলে প্রভাবশালী দৈনিক আসাহি শিম্বুন এক প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, সম্রাটের দেখভালের বিষয়টি যেহেতু এজেন্সির দায়িত্ব, ফলে কর্মকর্তারা মনে করছেন, অলিম্পিক–সম্পর্কিত জনসমাবেশের নানা রকম অনুষ্ঠান থেকে সম্রাটকে নিরাপদে রাখতে হলে ভাইরাস সংক্রমণ নিয়ে দেখা দেওয়া শঙ্কার বিষয়টি তাদের তুলে ধরা দরকার। সে রকম অবস্থান থেকেই সম্ভবত এই মন্তব্য দায়িত্বশীল এক কর্মকর্তা করেছেন, অলিম্পিক আবার স্থগিত করে দেওয়ার চিন্তা থেকে নয়।

তবে একই সঙ্গে এ রকম অভিমতও তাঁদের মধ্যে কয়েকজন পোষণ করছেন যে উচ্চপদস্থ এক কর্মকর্তা এ রকম মন্তব্য করে দায়িত্বশীলতার পরিচয় দেননি। কেননা, কর্মকর্তাদের অবস্থান যা–ই হোক না কেন, জাপানের অনেকেই, বিশেষ করে অলিম্পিক আয়োজনের বিরোধিতা যাঁরা করছেন, তাঁরা এটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন।