অলিম্পিকে যোগদানসংক্রান্ত সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে সামোয়া
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ সামোয়া দেশের ভারোত্তোলন দলকে করোনাভাইরাস মহামারির কারণে আসন্ন টোকিও অলিম্পিক থেকে প্রত্যাহার করে নিয়েছে। তবে বলেছে, বর্তমানে দেশের বাইরে অবস্থানরত অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জনকারী ক্রীড়াবিদেরা এ সিদ্ধান্তের আওতায় পড়বেন না।
দেশটির অলিম্পিকে যোগদান না করার খবর প্রচারিত হওয়ার পর সামোয়ার ক্রীড়া সমিতি ও জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি এক বিবৃতিতে জানিয়েছেন, দেশে অবস্থানরত ভারোত্তোলন দলের তিন সদস্য অলিম্পিকে অংশগ্রহণ না করলেও গেমসের জন্য যোগ্যতা অর্জন করা অন্য যে আট অ্যাথলেট এখন বিদেশে আছেন, তাঁরা যোগ দিতে পারবেন।
তবে করোনার সংক্রমণ চলতে থাকা অবস্থায় তাঁদের টোকিও ভ্রমণ করতে হবে বলে অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পর সরাসরি দেশে ফিরে না এসে যেখান থেকে তাঁরা যাত্রা করেছেন, শুরুতে সেই দেশে তাঁদের ফিরে যেতে হবে।
দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে জাতীয় অলিম্পিক কমিটি বোধগম্যতা প্রকাশ করেছে। যোগ্যতা অর্জন করা আট ক্রীড়াবিদ এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রে আছেন এবং বক্সিং, জুডো, অ্যাথলেটিকস, সেইলিং ও ক্যানোয়িংয়ে দেশের প্রতিনিধিত্ব করার কথা তাঁদের।