অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেরাতে ফ্লাইট চালু হচ্ছে
অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে ফ্লাইট চালু করতে যাচ্ছে সেপ্টেম্বর মাসেই। দেশটির আন্তর্জাতিক শিক্ষাঙ্গনকে পুনরায় চালু করতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সেপ্টেম্বরের শুরুতেই প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে দেশটির দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী অ্যাডিলেডে পৌঁছানোর কথা রয়েছে। এর জন্য প্রস্তুতিও চলছে সরকারের।
শিক্ষার্থীদের ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকার খরচের বেশির ভাগটাই বিশ্ববিদ্যালয়কে বহন করার কথাও জানিয়েছে সরকার। গতকাল রোববার নতুন এ পরিকল্পনার কথা ঘোষণা দেন দেশটির বাণিজ্যমন্ত্রী সাইমন বার্মিংহাম।
করোনাকালে থমকে যাওয়া গোটা বিশ্বের সঙ্গে বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ার শিক্ষাঙ্গনও। আর এতে বিভিন্ন দেশে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীরাও আটকা পড়ে যান। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো প্রায় তিন শ কোটি অস্ট্রেলীয় ডলারের লোকসানের মুখে পড়ে। অন্যদিকে সিডনি, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়সহ ৮টি বিশ্ববিদ্যালয়ের ১ লাখ চীনা শিক্ষার্থীর মধ্যে ৬৫ হাজার শিক্ষার্থী নিজ দেশে আটকা পড়ে আছেন। সেপ্টেম্বরের প্রথম যাত্রায় তাই ৩ হাজার শিক্ষার্থীকে ফিরিয়ে এনে পরীক্ষামূলকভাবে আন্তর্জাতিক শিক্ষাঙ্গন চালু করার কথা বলছে সরকার। এর আগে শিক্ষার্থী ভিসার নতুন আবেদন গ্রহণও শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চালু করা ফ্লাইটে নতুন শিক্ষার্থীরা আসতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত করেনি সরকার।
প্রথম যাত্রায় শিক্ষার্থীদের অ্যাডিলেডে অবস্থান নেওয়ার কারণ হিসেবে বাণিজ্যমন্ত্রী সাইমন বলেন, অ্যাডিলেডে এখন পর্যন্ত নতুন করে করোনায় সংক্রমণের ঘটনা রয়েছে একটি। অন্যদিকে ভিক্টোরিয়ায় দ্বিতীয় ধাপের সংক্রমণ বেড়ে চলছে আর নিউ সাউথ ওয়েলসে প্রতিদিন অন্তত একটি করে বাড়ছে নতুন সংক্রমণ। তাই অ্যাডিলেডকেই নিরাপদ বলে মনে করছে সরকার। তবে সেপ্টেম্বর থেকে আসা শিক্ষার্থীদের সরকার থেকে কোনো সহায়তা দেওয়া হবে না বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। দেশটিতে মহামারিকালের শুরু থেকেই প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অবস্থান করছেন।