অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লকডাউনের মেয়াদ বাড়ল
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ না করতে পারায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবহুল রাজ্য ভিক্টোরিয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে গত বৃহস্পতিবার ভিক্টোরিয়া লকডাউন করা হয়। এই লকডাউন কার্যকর থাকার কথা আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। কারণ নতুন সংক্রমণ বাড়ছে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছে এমন মানুষের সংখ্যা হাজার ছড়িয়েছে। তবে ভিক্টোরিয়ায় কঠোর লকডাউন কার্যকর থাকলেও অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
ভিক্টোরিয়া সরকারের ভারপ্রাপ্ত প্রধান জেমস মেরলিনো বলেন, ‘এই অবস্থা যদি আমরা চলতে দিই, তবে এটা বিস্ফোরিত হবে। নতুন যে ভেরিয়েন্টটি ছড়িয়েছে সেটি নিয়ন্ত্রণের অসাধ্য হয়ে যাবে এবং মানুষ মারা যাবে।’
করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেওয়া তথ্য অনুসারে, অস্ট্রেলিয়ায় মোট সংক্রমণ ৩০ হাজারের বেশি, মারা গেছেন ৯১০ জন। আর সুস্থ হয়েছেন ২৯ হাজারের বেশি। দেশটিতে আজ বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ জন। বলা হচ্ছে, নতুন যে সংক্রমণ শুরু হয়েছে, তা গত বছরের তুলনায় বেশি।
এর আগে লকডাউনের ঘোষণা দিয়ে জেমস মেরলিনো বলেছিলেন, ‘দ্রুত যেভাবে ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, তা ঠেকাতে এই লকডাউন দেওয়া জরুরি ছিল। সেখানকার পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেছিলেন, করোনার সংক্রমণের যে রেকর্ড রয়েছে, তার থেকে দ্রুত ছড়াচ্ছে এবারের সংক্রমণ। যাঁরা সংক্রমিত হয়েছেন বিভিন্ন সময়, তাঁদের সংস্পর্শে এসেছেন—এমন ব্যক্তির সংখ্যা প্রায় ১০ হাজার। ভিক্টোরিয়ায় দেড় শ স্থানে আক্রান্ত ব্যক্তিরা ঘুরেছেন। আমাদের এখনই ব্যবস্থা নেওয়া দরকার ছিল।’