অস্ট্রেলিয়ায় চলতি বছরে করোনায় প্রথম মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার সিডনি শহর ফাইল ছবি রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। বিগত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ সংক্রমণ দেখেছে দেশটির নিউ সাউথ ওয়েলস প্রদেশ। খবর রয়টার্সের।

স্থানীয় সময় রোববার প্রদেশের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়া জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া নারীর বয়স ৯০-এর কোঠায়। সিডনিতে পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি সংক্রমিত হন।

গত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসে নতুন করে ৭৭ জন আক্রান্ত হয়েছেন। এক দিন আগে শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ৫০। সেদিন পর্যন্ত এটিই ছিল বছরের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। প্রদেশটির হাসপাতালগুলোয় এখন ৫২ জন করোনা রোগী ভর্তি আছেন। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছেন ১৫ জন। ৫ জন রয়েছেন ভেন্টিলেশনে।

নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে গ্লাডিস বেরেজিকলিয়া এক টেলিভিশন চ্যানেলে বলেন, ‘আক্রান্তের সংখ্যায় বৃদ্ধির বিষয়টি দেখলে, আগামীকাল এ সংখ্যা ১০০ জনের কম হলে আমি অবাক হব।’

রোববার আক্রান্তের খবর পাওয়া ব্যক্তিদের মধ্যে ৩৩ জন শরীরে করোনা নিয়েই লোকজনের সংস্পর্শে ছিলেন। এ থেকে ধারণা করা হচ্ছে সিডনিসহ এর আশপাশের এলাকাগুলোয় চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। নিউ সাউথ ওয়েলসের এই অঞ্চলে ৫০ লাখের বেশি মানুষ বসবাস করে।

গত ২৬ জুন সিডনিতে ‘বাড়িতে অবস্থান করার’ আদেশ জারি করা হয়। এর মধ্যে আরও কিছু লোক আক্রান্ত হওয়ায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় নিউ সাউথ ওয়েলস প্রশাসন। এই বিধিনিষেধ থাকবে ১৬ জুলাই পর্যন্ত।

বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় করোনার সংক্রমণ ঠেকানোর দিক দিয়ে বেশ ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার জনের বেশি। আর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১১ জনের।