অস্ত্রবাহী ইরানি নৌকা আটকের দাবি সৌদি জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলারত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী বলেছে, ওমান সাগরে অস্ত্রশস্ত্র ভর্তি একটি ইরানি মাছ ধরা নৌযান আটক করেছে তারা। জোটের দাবি, এসব অস্ত্র ইরান-সমর্থিত ওই শিয়া বিদ্রোহীদের কাছে পাঠানো হচ্ছিল। খবর এএফপি ও রয়টার্সের।
সৌদি জোট গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, অস্ত্রশস্ত্র ভর্তি নৌযানটি আটক করা হয়েছে গত শনিবার। নৌযানটিতে ট্যাংকবিধ্বংসী গোলাসহ বিভিন্ন অস্ত্র-সরঞ্জাম পাওয়া গেছে। নৌযানের ১৪ জন কথিত ইরানি আরোহীকেও আটক করার কথা জানিয়েছে জোট। তাদের বিবৃতিতে বলা হয়, নৌযানটি থেকে পাওয়া কাগজপত্র অনুযায়ী সেটি ইরানের নিবন্ধিত। এটিকে মাছ ধরার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে।
সৌদি আরব ও এর জোটের শরিকেরা বারবারই অভিযোগ করে আসছে, তাদের প্রতিপক্ষ শিয়া প্রাধান্যপুষ্ট ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে। এই বিদ্রোহীরা রাজধানীসহ ইয়েমেনের একটা বড় অংশ দখল করে আছে।
গত সপ্তাহে সৌদি আরবের মিনায় পদপিষ্ট হয়ে বহু হাজির হতাহত হওয়া নিয়ে রিয়াদের সঙ্গে তেহরানের সম্পর্কে নতুন টানাপোড়েনের মধ্যে অস্ত্রবাহী ইরানি নৌযান আটকের কথা বলল সৌদি নেতৃত্বাধীন জোট।
এদিকে সৌদি জোট-সমর্থিত ইয়েমেনের উপজাতীয় যোদ্ধারা গত মঙ্গলবার হুতি বিদ্রোহীদের কাছ থেকে দেশটির মধ্যাঞ্চলের একটি জলাধারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে দক্ষিণে গুরুত্বপূর্ণ এডেন বন্দরের কাছে কিছু স্থানের দখল হারিয়েছে তারা। এ স্থানেই প্রেসিডেন্ট আবেদ-রাব্বো মানসুর হাদির সরকারের দপ্তরগুলো অবস্থিত।