দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ একটি দ্বীপে অস্ত্রশস্ত্র মোতায়েনের খবর নিশ্চিত করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া ওই খবরে উদ্বেগ প্রকাশ করেছে। খবর এএফপি ও বিবিসির।
কৃত্রিম উপগ্রহের সাহায্যে তোলা ছবির বরাত দিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের খবরে বলা হয়, দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের উডি বা ইয়ংজিং দ্বীপে আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের দুটি ব্যাটারি ও রাডার মোতায়েন করা হয়েছে। পরে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান এ খবরের সত্যতা নিশ্চিত করে। তবে চীন প্রাথমিকভাবে এটাকে ‘গণমাধ্যমের সৃষ্টি’ বলে উড়িয়ে দেয়।
বেইজিং প্যারাসেল দ্বীপপুঞ্জের পুরোটাকেই নিজেদের বলে দাবি করে থাকে। কিন্তু উডিসহ বেশ কয়েকটি দ্বীপের দাবিদার ভিয়েতনাম ও তাইওয়ান। ভিয়েতনাম যুদ্ধের শেষের দিকে সংক্ষিপ্ত এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দক্ষিণ ভিয়েতনামের কাছ থেকে কয়েকটি দ্বীপ দখল করে নেয় চীন।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সংবাদপত্র গ্লোবাল টাইমস গতকাল এক খবরে জানায়, বেইজিং বহু আগেই উডি বা ইয়ংজিং দ্বীপে অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।
ঠিক কী ধরনের অস্ত্রশস্ত্র মোতায়েন রয়েছে, তা পরিষ্কার করে বলেনি গ্লোবাল টাইমস। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘নিজের সীমানার ভেতরে প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েনের ন্যায্য ও আইনগত অধিকার চীনের রয়েছে।’
বিশ্বের মোট তেল আনা-নেওয়ার এক-তৃতীয়াংশই হয়ে থাকে দক্ষিণ চীন সাগর হয়ে। সাম্প্রতিক মাসগুলোতে সাগরের বিরোধপূর্ণ আরেক দ্বীপপুঞ্জ স্প্র্যাটলির আশপাশের কিছু প্রবাল প্রাচীরে বালু ফেলে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপ তৈরি নিয়ে উত্তেজনা শুরু হয়।
এবার উডি দ্বীপে বেইজিংয়ের ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর বেরোনোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ‘প্রতিদিনই সেখানে (চীনের) সামরিকীকরণের মাত্রা বাড়ছে, এ বিষয়ে সব ধরনের প্রমাণ রয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়।’ যুক্তরাষ্ট্র এ বিষয়ে চীনের সঙ্গে ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলাপ’ করবে বলে জানান তিনি।
রয়টার্সের খবরে বলা হয়, চীন সফররত অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ গতকাল বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর ‘চ্যালেঞ্জ’ করেছে চীন। কিন্তু দক্ষিণ চীন সাগরের ওই এলাকায় সামরিকীকরণের যেকোনো ঘটনা হবে উদ্বেগের বিষয়।