‘অস্বাভাবিক’ বৃষ্টিতে মালয়েশিয়ায় বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দুই দিনের ভারী বৃষ্টিতে মালয়েশিয়ায় বন্যা দেখা দিয়েছে
ছবি: টুইটার

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে মালয়েশিয়ার কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে হাজারো মানুষ। দেশটির কর্মকর্তারা স্থানীয় সময় গতকাল শনিবার এসব তথ্য জানান। সরকারি কর্মকর্তারা বলেছেন, বন্যাদুর্গতদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। খবর বার্তা সংস্থা এএফপির।

গত শুক্রবার থেকে টানা বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে বেশির ভাগ এলাকা। নগর এলাকাগুলোয় জলাবদ্ধতা আর প্রধান সড়কগুলো যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ প্রায়ই বছরের শেষের দিকে ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে। নিয়মিত মৌসুমি বন্যায় গণহারে মানুষকে অন্যত্র আশ্রয় নিতে হয়। সবচেয়ে ধনী প্রদেশ শিলানগড়ে সাড়ে তিন হাজার মানুষকে উদ্ধারের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি অবশ্য একে ‘অস্বাভাবিক’ আবহাওয়া বলেছেন।

মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, আজ রোববারও দেশটির ১৬টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে ১২টিতে ভারী বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যদের তৎপর হতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল শাবরি ইয়াকোব। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘লোকজনকে উদ্ধারে অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় সব সংস্থাকে এক হয়ে কাজ করার জন্য আমি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।’

এএফপি জানিয়েছে, ২০১৪ সালে মালয়েশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। তখন লক্ষাধিক মানুষ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়।