অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ইংলাকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলাক সিনাওয়াত্রা
ইংলাক সিনাওয়াত্রা

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশটির অ্যাটর্নি জেনারেল ত্রাকুল উইনিতনাইয়াফাক এবং তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন। তাঁর বিরুদ্ধে চলা একটি মামলায় হস্তক্ষেপের অভিযোগ এনে গতকাল মঙ্গলবার ইংলাক এই মামলা করেন। খবর রয়টার্সের।
থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাকের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে চালের ভর্তুকিতে অনিয়মের দায়ে একটি দুর্নীতির মামলা চলছে। দেশটির সামরিক সরকারের দাবি, ওই দুর্নীতির কারণে রাষ্ট্রের ১ হাজার ৬০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ইংলাকের ১০ বছরের সাজা হতে পারে।
এ বছরের জানুয়ারি মাসে পাঁচ বছরের জন্য ইংলাকের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা হয়। সেদিনই ওই ঘোষণার এক ঘণ্টা আগে অ্যাটর্নি জেনারেল ইংলাকের বিরুদ্ধে অভিযোগ আনেন। ইংলাক মামলায় অভিযোগ করেছেন, পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছাড়াই অ্যাটর্নি জেনারেল তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। আইনজীবীরা এক বিবৃতিতে বলেছেন, ইংলাকের বিরুদ্ধে আনা অভিযোগের ক্ষেত্রে চালের ভর্তুকিসংক্রান্ত দুর্নীতির মামলাকে যুক্ত করা হয়েছে। এরই সঙ্গে আবার ৬০ হাজার পৃষ্ঠার নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ইংলাকের বিরুদ্ধে যে মামলা করেছে, তার সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই।
ইংলাক সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেলের কর্মকাণ্ডকে ‘ভুল এবং অন্যায্য’ বলে আখ্যায়িত করেছেন। কৃষকদের কাছে থেকে বাজারদরের চেয়ে বেশি দামে চাল কেনার নীতি নিয়েছিলেন ইংলাক। সাবেক প্রধানমন্ত্রীর দাবি, কৃষকদের আয়ক্ষমতা বাড়ানোই এর লক্ষ্য ছিল। কৃষকমুখী এই নীতির ফলে ইংলাক ২০১১ সালের নির্বাচনে বিপুল বিজয় পান।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে ইংলাকের আনা অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। দপ্তরের কর্মকর্তা চুতিচাই সাখাকর্ণ বলেন, সরকারি আইনজীবী সব নিয়ম মেনেই চাল দুর্নীতির মামলা করেছেন। এখানে কোনো অনিয়ম হয়নি।
২০১৪ সালের মে মাসে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় ইংলাককে ক্ষমতাচ্যুত করা হয়। এর কয়েক দিন পরেই থাই সেনাবাহিনী ক্ষমতা দখল করে।