আইএস উৎখাতের প্রত্যয় ইরাকি প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। ছবি: এএফপি
টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। ছবি: এএফপি

ইরাক থেকে ইসলামিক স্টেটকে (আইএস) উৎখাত করার প্রত্যয় জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দেশটির আনবার প্রদেশের শহর রামাদি আইএসের হাত থেকে মুক্ত করার পর এমন প্রত্যয় জানালেন ইরাকি প্রধানমন্ত্রী।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে আবাদি ইরাকের দ্বিতীয় শহর মসুলও আইএস-মুক্ত করার প্রতিজ্ঞা করেন। তিনি বলেন, ‘আমরা মসুলও মুক্ত করতে যাচ্ছি। আর তা হবে আইএসের প্রতি মারাত্মক ও চূড়ান্ত আঘাত।’
ইরাক থেকে আইএস উৎখাত প্রসঙ্গে আবাদি বলেন, ২০১৬ সাল হবে বড় ও চূড়ান্ত বিজয়ের বছর। ওই বছর ইরাকে আইএসের উপস্থিতি নিশ্চিহ্ন করার আশা তাঁর।
আইএসের হাতে বেদখল হওয়া রামাদি শহর মুক্ত করার কথা গতকাল সোমবার জানায় ইরাকের সেনাবাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া রসুল বলেন, সেনাবাহিনী আইএসের বিরুদ্ধে এক ‘মহাকাব্যিক বিজয়’ অর্জন করেছে। আনবারের সরকারি দপ্তরগুলোতে এখন ইরাকের জাতীয় পতাকা উড়ছে।
তবে প্রাদেশিক গভর্নরের একজন মুখপাত্র বলেন, তাঁরা পুরো বিজয়ের ঘোষণা দিতে এখনো দ্বিধান্বিত। কেননা, শহরের কোনো কোনো জায়গায় এখনো প্রতিরোধ রয়ে গেছে।

রামাদি মুক্ত করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অসামান্য দৃঢ়তা ও সাহসিকতা দেখানোর জন্য ইরাকি বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে কেরি বলেছেন, এটা আইএসের জন্য বড় পরাজয়।

রামাদির নিয়ন্ত্রণ নিতে কয়েক সপ্তাহ ধরে লড়াই করছিল ইরাকের সরকারি বাহিনী। রাজধানী বাগদাদ থেকে ৫৫ মাইল পশ্চিমে রামাদি শহর। এ বছরের মে মাসে শহরটি দখল করে নেয় আইএস।