সম্প্রতি প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রিয়াদে গিয়ে থাকলেন মাত্র চার ঘণ্টা। তবে এ সময়েও তাঁর জন্য অন্তত দুটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। স্বদেশে ডেমোক্র্যাট-রিপাবলিকান দ্বন্দ্ব মাত্রা ছাড়ালেও বিভেদ ভুলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ সফরে ওবামার সঙ্গী হয়েছিলেন বর্তমান ও সাবেক ঝানু রিপাবলিকানরা। আর নতুন সৌদি নেতার সঙ্গে ওবামা সেরে নিতে পারলেন মধ্যপ্রাচ্য-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। খবর এএফপি ও বিবিসির।
ভারত সফর সংক্ষিপ্ত করে ওবামা গত মঙ্গলবার দুপুরে রিয়াদের উদ্দেশে রওনা হন। আগের সপ্তাহে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যু হওয়ায় শোক ও শ্রদ্ধা জানাতেই এ সফর। ওবামার সফরসঙ্গী হিসেবে থাকা গুরুত্বপূর্ণ রিপাবলিকান নেতাদের মধ্যে ছিলেন দুই সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার এবং কনডোলিৎসা রাইসও। আরও ছিলেন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন এবং প্রতিনিধি পরিষদের সাবেক ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি। ওবামা রিয়াদের বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সৌদি আরবের নতুন বাদশা সালমান বিন আবদুল আজিজ।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওবামা-সালমান বৈঠক হয়েছে মাত্র এক ঘণ্টা। এরই মধ্যে তাঁরা আলোচনা করেছেন নানা ইস্যু নিয়ে। তার মধ্যে যেমন ছিল ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) রুখতে চলমান মার্কিন নেতৃত্বাধীন তৎপরতার বিষয়টি, তেমনি ছিল ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির ব্যাপারে চলমান সংলাপের বিষয়।
গত বছর থেকে আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যে আন্তর্জাতিক জোট বিমান হামলা চালিয়ে আসছে, ওয়াশিংটনের দীর্ঘদিনের আঞ্চলিক মিত্র সৌদি আরবও তার অংশ। তবে ইয়েমেন ও লিবিয়া সংকটসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে ভূমিকা না রেখে যুক্তরাষ্ট্র দৃশ্যত এশিয়ার দিকে চোখ সরিয়ে নেওয়ায় রিয়াদ ওয়াশিংটনের ওপরে নাখোশ। পাশাপাশি সুন্নি সৌদি আরবের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শিয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক তৎপরতাকেও ভালো চোখে দেখে না রিয়াদ।
তবে দ্বিদলীয় ওই মার্কিন প্রতিনিধিদলটির সদস্যরা বলছেন, তাঁরা মার্কিন-সৌদি সম্পর্কের প্রতি সমর্থন দেখাতে চান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার বলেন, ‘আমি মনে করি, সৌদিরা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমাদের দেখানো দরকার। বর্তমান সময়টা মধ্যপ্রাচ্যের জন্য খুবই সংকটপূর্ণ ও সংবেদনশীল। এখন সবকিছুই অস্থিতিশীল বলে মনে হচ্ছে। তবে এর মধ্যেও সৌদি আরব স্থিতিশীল রয়েছে।’
মার্কিন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ সফরে ওবামা ও সালমান আইএসের বিরুদ্ধে চলমান অভিযান নিয়ে আলোচনা করেছেন। তাঁরা সিরিয়ার বাশারবিরোধী পক্ষগুলোকে সহায়তা দেওয়া এবং ইরাকে ঐক্য প্রতিষ্ঠার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এ ছাড়া ইরানের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে সৌদি বাদশাহ সালমান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপের বিষয়টি তোলেননি। তবে তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া যাবে না।