আইএস ও পিকেকের ওপর তুরস্কের হামলা চলছে
তুরস্কের সশস্ত্র বাহিনী গতকাল শনিবার সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এবং উত্তর ইরাকে কুর্দি মিলিশিয়াদের লক্ষ্যবস্তুতে তৃতীয় দফা হামলা চালানোর ঘোষণা দিয়েছে। বিমান ও স্থল—দুই পথেই এই হামলা চালানো হবে। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু গতকাল এই ঘোষণা দেন। গত শুক্রবার প্রথম বিমান হামলার পর তিনি বলেছিলেন, এটাই শেষ নয়, বরং এটি বৃহত্তর এক সামরিক পরিকল্পনার অংশ। খবর এএফপি ও রয়টার্সের।
প্রধানমন্ত্রী আহমেদ দাভোতগলু গতকাল আঙ্কারায় সাংবাদিকদের বলেন, ‘আমি তৃতীয় দফায় হামলা চালানোর নির্দেশ দিয়েছি। জঙ্গিদের নির্মূলে আমাদের ঐকান্তিকতা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয়।’
গতকাল তুরস্ক আইএসের অবস্থানে দ্বিতীয় দফায় হামলা চালায়। সিরিয়ার আইএসের ঘাঁটি ছাড়াও সেই দফায় উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হয়। বিমান হামলার পাশাপাশি দুটি এলাকাতেই স্থলসেনারাও হামলা চালায়।
পিকেকের ওপর হামলার মাধ্যমে তুরস্ক সরকারের সঙ্গে সংগঠনটির যে যুদ্ধবিরতি চুক্তি ছিল, সেটির সমাপ্তি ঘটে।
প্রধানমন্ত্রী দাভোতগলু বলেন, ইরাক ও সিরিয়ায় হামলার পাশাপাশি দেশজুড়ে পরিচালিত অভিযানে আইএস ও পিকেকের ৫৯০ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
নিরাপদ এলাকা: গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু বলেছেন, উত্তর সিরিয়া থেকে আইএসকে উৎখাত করে ওই এলাকায় ‘নিরাপদ এলাকা’ প্রতিষ্ঠা করা হবে। গতকাল এক সংবাদ সম্মেলনে কাভাসোগলু বলেন, উত্তর সিরিয়া থেকে আইএস নির্মূল হলে এলাকাটি স্বাভাবিকভাবেই নিরাপদ এলাকায় পরিণত হবে। ইতিমধ্যে যেসব মানুষ উদ্বাস্তু হয়েছে, তাদের সেখানে আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হবে।
শান্তি মিছিল বন্ধ: এদিকে সুরুস শহরে গত সোমবারের বোমা হামলার স্মরণে আজ রোববার ইস্তাম্বুলে ডাকা একটি ‘শান্তি মিছিল’ বন্ধ করে দিয়েছে সরকার। এই মিছিলের আয়োজন করেছিল কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি)। নিরাপত্তা ও যানজটের কারণ দেখিয়ে মিছিলটি বন্ধ ঘোষণা করা হয়। তবে এইচডিপি এক বিবৃতিতে বলেছে, সরকার জোর করে ওই মিছিল বন্ধ করে দিয়েছে।
সুরুসে হামলার পর আইএসের বিরুদ্ধে তুরস্ক সরকারের সক্রিয় ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আরও জোরালো হয়। তুরস্কের বাইরেও সরকারের ভূমিকার সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই শুক্রবার থেকে হামলা শুরু করে দেশটি।