আইএস জঙ্গিদের হটিয়ে দিয়েছে সিরীয় সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন শহর পালমেইরা থেকে গতকাল রোববার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হটিয়ে দিয়েছে সিরীয় সরকারি বাহিনী। এ সময় লড়াইয়ে নিহত হয়েছে ৪৭ জন সিরীয় সেনা ও ২৯ জঙ্গিসহ অন্তত ৭৬ জন। খবর এএফপি ও রয়টার্সের।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত পালমেইরার আধুনিক শহর তাদমুরের উত্তর অংশটি দখল করে নিয়েছিল আইএস জঙ্গিরা। তবে হোমস প্রদেশের গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি রক্ষায় গত শনিবার বড় ধরনের অভিযান শুরু করে সিরীয় সরকারি বাহিনী ও মিলিশিয়ারা।
সিরিয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মামুন আবদুল করিম গতকাল টেলিফোনে এএফপিকে বলেন, ‘আজ আমাদের কাছে ভালো খবর আছে। আমরা অনেক স্বস্তিবোধ করছি। প্রাচীন ভগ্নাবশেষগুলোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু এর অর্থ এই নয় যে ভয়ের কোনো কারণ নেই।’
প্রাদেশিক গভর্নর তালাল বারাজি বলেন, শনিবার জঙ্গিদের হাতে পড়া তাদমুর শহরের উত্তরাংশ পুনরুদ্ধার করেছে সেনাবাহিনী। আইএসের হামলা প্রতিহত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারি সেনারা এখনো রাস্তায় পেতে রাখা বোমাগুলো অপসারণে কাজ করছে। কিন্তু শহরের ভেতর ও উপকণ্ঠের অবস্থা ভালো রয়েছে।
গভর্নর বারাজি জানান, সেনাবাহিনী ‘১৩০ জনের বেশি’ জঙ্গিকে হত্যা করেছে। সেনাবাহিনীর পক্ষে হতাহতের কোনো তথ্য দেননি তিনি। তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে সেনাবাহিনীর অন্তত ৪৭ সদস্য এবং ২৯ জঙ্গির প্রাণহানি ঘটেছে। সংগঠনটির পরিচালক রামি আবদেল রাহমান বলেন, বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হলেও সরকারি বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে। তবে আইএস জঙ্গিদের বর্তমান অবস্থান পালমেইরা থেকে মাত্র এক কিলোমিটার দূরে।