মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইরাকের রামাদি শহর এবং সিরিয়ার প্রাচীন নগর পালমেইরা দখল করল প্রায় একই সময়। বেশ কিছুদিন পর তাদের এই বড় ধরনের বিজয় স্বঘোষিত খিলাফত প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করবে বলে দৃশ্যত মনে হয়। কিন্তু ইরাক এবং সিরিয়া পাশাপাশি দুটি দেশেই আইএস নতুন এলাকা দখল করলেও হারিয়েছে তাদের ভিত্তি। যেসব এলাকা অপেক্ষাকৃত সহজে করায়ত্ত করা যায় সেসবই তারা দখল করেছে।
আইএস যোদ্ধারা কুর্দিদের কাছে পরপর কয়েকটি লড়াইয়ে হেরেছে। এখন ইতিমধ্যে বিজিত এলাকা ধরে রাখা এবং সেখানে কর্তৃত্ব বজায় রাখতে অনেক সময় ব্যয় করতে হবে তাদের। বিরত থাকতে হবে নতুন ভূখণ্ড দখলের জোর চেষ্টা থেকে।
আইএস ইতিমধ্যে ইরাকে যেসব এলাকা দখল করেছে তার বেশির ভাগের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী তাদের মতোই সুন্নি। সংগঠনটি আনবার প্রদেশের রাজধানী রামাদি দখল করার পর ইরাক সরকার শিয়া মিলিশিয়াদের সেখানে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে। ওই মিলিশিয়ারা সম্প্রতি ইরাকের আরেক এলাকায় আইএসকে হারিয়ে এসেছে।
ওয়াশিংটনের এডুকেশন ফর পিস ইন ইরাক সেন্টারের জ্যেষ্ঠ ফেলো আহমদ আলী বলছিলেন, ‘রামাদি এবং পালমেইরা দখলের পর আইএসের এখন লক্ষ্য হলো এসব অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখা।’
গত বছর ইরাকের শিয়াদের অন্যতম প্রধান ধর্মীয় স্থান সামারা দখল করে আইএস। এরপর শিয়া গেরিলা ও সরকারি বাহিনী তাদের সেখান থেকে হটিয়ে দেয়। এখনো সরকারি বাহিনী এবং তাদের মিত্রদের নিয়ন্ত্রণ আছে ওই এলাকায়। গত মার্চ মাসে ইরাকি বাহিনী সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের জন্মস্থান তিকরিত দখল করে নেয়।
ওয়াশিংটন ইনস্টিটিউটের ইরাকবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল নাইটস বলেন, রামাদি দখলের মাধ্যমে আইএস সুন্নি অধ্যুষিত এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল। ইরাকে আইএস তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। যেসব এলাকায় ইতিমধ্যেই প্রভাব ছিল তারা এখন সেসব এলাকাই নতুন করে দখল করছে।’
মাইকেল নাইটস বলেন, বাগদাদ দখল করার জন্য আইএস এখনো কিছু হামলা চালাচ্ছে বটে, তবে সেটা কোনো সমন্বিত আক্রমণ নয়।
ইরাকে মোটের ওপর সুবিধা না হলেও সিরিয়ায় আইএসের জন্য নতুন এলাকা দখলের সুযোগ এসেছে। সাম্প্রতিক সময়ে বাশার আসাদ সরকার বেশ কিছু এলাকার ওপর তার নিয়ন্ত্রণ হারিয়েছে। সুন্নিরা সিরিয়ায় সংখ্যাগরিষ্ঠ। তাই এখানে সুন্নি আইএস জঙ্গিরা যে কম প্রতিরোধের মুখে পড়বে তা-ই স্বাভাবিক।
যুক্তরাষ্ট্র আইএসবিরোধী লড়াইয়ে ইরাকের সরকারকে সহযোগিতা করছে। তবে সিরিয়ায় ঠিক উল্টো ঘটনা ঘটছে। কারণ যুক্তরাষ্ট্রের চরম বিরোধী সিরীয় সরকার। তাই সেখানে আইএসের বিরুদ্ধে জোরদার এবং সমন্বিত কোনো তৎপরতা নেই।