আইএস নিয়ে উভয় সংকটে পড়েছে তুরস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি ভালো নেই। ভালো থাকব না। থাকতে পারি না।’
গত সোমবার তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী শহর সুরুসে বোমা বিস্ফোরণে আহত লরেন এলভারের টুইটার বার্তা ছিল এটি। বার্তাটি মুহূর্তের মধ্যে অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই হামলায় নিহত হয় ৩২ জন, আহত হয় শতাধিক। পুরো তুরস্কে নিন্দার ঝড় বয়ে যায়।
সুরুসে সন্ত্রাসী হামলার পর কেবল সামাজিক যোগাযোগের মাধ্যমে নয়, তুরস্কের ১০টির বেশি শহরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। পাশের দেশ সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘কার্যকর ব্যবস্থা না নেওয়ায়’ সমাবেশগুলোয় দেশটির ক্ষমতাসীন একেপি পার্টির বিরুদ্ধে জোর স্লোগান ওঠে। সেদিনের হামলা আইএসই ঘটিয়েছে বলে মনে করা হয়।
সুরুসের হামলার আগেই অবশ্য তুরস্কে সন্দেহভাজন আইএসের সদস্য সংগ্রহকারী এবং সম্ভাব্য আইএস সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়। সুরুসের হামলা এবং এরপর সীমান্তে আইএসের সঙ্গে সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হওয়ার পর রীতিমতো নড়েচড়ে বসে তুরস্ক। এরই ফল গত শুক্রবারের বিমান হামলা।
বিশ্লেষকদের অনেকেই মনে করেন, তুরস্ক আইএসের লক্ষ্যবস্তুতে শুক্রবারের হামলা চালানোর আগেই সীমান্তে সামরিক বাহিনীর সমাবেশ ঘটাচ্ছিল। এর ফলে আইএসও তাদের কৌশল পাল্টায় এবং তুরস্কের ভেতরে হামলা চালায়।
তবে তুরস্কের বিরোধী নেতাদের অনেকেই মনে করেন, এখন পর্যন্ত তুরস্ক সরকারের কাছে আইএসের চেয়ে বেশি উদ্বেগের বিষয় সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের ক্রমবর্ধমান উপস্থিতি। তুরস্কের সরকারপন্থী কয়েকটি পত্রিকায় সম্প্রতি এমন শিরোনামও ছাপা হয়: সিরিয়ার কুর্দি মিলিশিয়ারা আইএসের চেয়েও ভয়ংকর। সম্প্রতি এমন ঘটনাও জানা গেছে যে তুরস্কের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি ট্রাকে করে সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহীদের জন্য অস্ত্র বহন করে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় উদ্বিগ্ন তুরস্কের সরকারবিরোধীরা।
সুরুসের হামলায় সরকারের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলেও বিরোধী কুর্দিপন্থী এইচডিপি পার্টির নেতা ফিগের ইয়োকসেদাগ মনে করেন। তিনি বলেন, সরকার বা গোয়েন্দা সংস্থা এমআইটির অজ্ঞাতসারে কারও পক্ষে সুরুসে কোনো কর্মকাণ্ড চালানো সম্ভব নয়।
সুরুসে কেন হামলা? অনেকেই মনে করেন শহরটি সুনির্দিষ্টভাবে হামলার লক্ষ্যবস্তু হয়েছে। কারণ, এই পথ হয়েই আইএসবিরোধী কুর্দি মিলিশিয়ারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোবানিতে যাতায়াত করে।