আইএস নিয়ে মার্কিন কমান্ডারের সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড। ছবি: রয়টার্স
লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড। ছবি: রয়টার্স

মসুল মুক্ত হলেও ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে যায়নি বলে সতর্ক করেছেন ইরাকে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কমান্ডার। লে. জেনারেল স্টিফেন টাউনসেন্ড বিবিসিকে এ কথা বলেছেন।

টাউনসেন্ড বলেন, ইরাকে এখনো আইএসের যোদ্ধা রয়েছে।

আইএস যাতে নতুন করে উজ্জীবিত হতে না পারে, এ জন্য দেশটির সরকারের ইরাকি সুন্নিদের সঙ্গে কথা বলা উচিত বলে মনে করেন টাউনসেন্ড।

ইরাকে যুক্তরাষ্ট্রের এই জ্যেষ্ঠ কমান্ডার বলেন, আইএসের নতুন উত্থান ঠেকাতে ইরাক সরকারকে ভিন্ন কিছু করতে হবে। সরকারকে সুন্নিদের কাছে যেতে হবে। তাদের সঙ্গে মতভেদ মিটিয়ে ফেলতে হবে। এমন ভাবনা তৈরি করতে হবে যে বাগদাদের সরকার তাদেরই প্রতিনিধিত্ব করেছ।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আনুষ্ঠানিকভাবে মসুল জয়ের ঘোষণা দিয়েছেন। সেনাদের মাঝে দাঁড়িয়ে জাতীয় পতাকা নাড়তে নাড়তে মসুল জয়ের ঘোষণা দেন তিনি।

আইএসের সঙ্গে প্রায় নয় মাসের লড়াই শেষে মসুল মুক্ত হয়। যুদ্ধে মসুলের একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো বেসামরিক মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ।