আইএস নেতাদের ওপর বিমান হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নেতাদের ওপর বিমান হামলা চালিয়েছে। শুক্রবার রাতে চালানো ওই হামলায় সংগঠনটির নেতাদের কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়। তবে এ সময় আইএস-প্রধান আবু বকর আল-বাগদাদি সেখানে ছিলেন কি না, নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
এদিকে উত্তর সিরিয়ায় আইএস-নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত ও শতাধিক আহত হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
আইএসের দখলে থাকা উত্তর ইরাকের মসুল শহরে ওই হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর যুদ্ধবিমান। লোকচক্ষুর অন্তরালে থাকা আইএস-প্রধান বাগদাদিকে গত জুলাইয়ে মসুলেরই একটি মসজিদে দেখা গিয়েছিল।
আইএস নেতাদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সও অংশ নেয়। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় কট্টর সুন্নি সংগঠনটির অস্ত্রবাহী দশটি ট্রাক ধ্বংস হয়েছে। তবে এতে হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।
ইসলামি ‘খিলাফত রাষ্ট্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ার বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আরও নতুন নতুন এলাকা দখলের জন্য লড়াই করছে। তাদের ঠেকাতে গত আগস্ট থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে। মূলত পাশ্চাত্যের দেশগুলো ছাড়াও এতে আইএসের উত্থানে উদ্বিগ্ন কয়েকটি আরব রাষ্ট্র রয়েছে।
আন্তর্জাতিক জোটের টানা কয়েক মাসের বিমান হামলার পরও আইএসের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দৃশ্যমান নয়। দখলকৃত এলাকা থেকে তাদের উচ্ছেদও সেভাবে করা যায়নি। অংশত এ কারণে যুক্তরাষ্ট্র তাদের মোকাবিলায় ইরাকি সেনাবাহিনীকে শক্তিশালী করার চেষ্টা জোরদার করেছে। শনিবার পেন্টাগন জানায়, ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিতে দেশটিতে আরও দেড় হাজার মার্কিন সেনা পাঠানো হবে। সেখানে বর্তমানে এক হাজার ৬০০ মার্কিন সেনা প্রশিক্ষক ও উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।