আইএস প্রধান বাগদাদির স্ত্রী আটক
জঙ্গি সুন্নি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদির এক স্ত্রী ও এক ছেলেকে লেবাননে সিরিয়া সীমান্তের কাছ থেকে ১০ দিন আগে আটক করা হয়েছে। লেবাননের নিরাপত্তা বাহিনী গতকাল মঙ্গলবার এ কথা বলেছে। খবর এএফপি ও বিবিসির।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বাগদাদির স্ত্রীর সঙ্গে তাঁর মেয়েকে আটক করা হয়েছে। মেয়েটি বাগদাদির সন্তান কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের আটকের ঘটনায় আইএসের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এএফপির খবরে বলা হয়, বাগদাদির আটক স্ত্রী সিরিয়ার নাগরিক। আর তাঁদের ওই ছেলের বয়স প্রায় আট বছর। লেবাননের দৈনিক পত্রিকা আস-সাফির জানায়, ‘বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায়’ বাগদাদির স্ত্রীকে আটক করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, বাগদাদির স্ত্রী-পুত্রকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এত দিন তাঁদের আটকের বিষয়টি গোপন রাখা হয়েছিল।
আইএস অধিকৃত এলাকায় ‘খিলাফত’ ঘোষণা করে বাগদাদি নিজেকে সেখানকার ‘খলিফা’ ঘোষণা করেছেন। ২০১০ সাল থেকে তাঁকে ‘সন্ত্রাসবাদ নজরদারির’ তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। আইএসের প্রধানকে ধরিয়ে দেওয়ার জন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে।