আইএস মোকাবিলায় স্বেচ্ছাসেবক চাইছে ইরাক সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের যুদ্ধকবলিত রামাদি শহর থেকে পালিয়ে এসেছেন এই সুন্নি নারী। শিশুসন্তানকে মাথায় তুলে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলেছেন তিনি। মঙ্গলবার বাগদাদের উপকণ্ঠ থেকে তোলা ছবি l রয়টার্স
ইরাকের যুদ্ধকবলিত রামাদি শহর থেকে পালিয়ে এসেছেন এই সুন্নি নারী। শিশুসন্তানকে মাথায় তুলে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলেছেন তিনি। মঙ্গলবার বাগদাদের উপকণ্ঠ থেকে তোলা ছবি l রয়টার্স

ইরাকের রামাদি শহর পুনরুদ্ধারে আশপাশে জড়ো হওয়া সরকারি সেনা ও মিলিশিয়াদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে গত মঙ্গলবার দিবাগত রাতের ওই হামলা ভন্ডুল করে দেয় সরকারি বাহিনী। এদিকে আইএসের বিরুদ্ধে লড়াইতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে নাগরিকদের আহ্বান জানিয়েছে ইরাক সরকার। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
ইরাকের বৃহত্তম প্রদেশ পশ্চিমাঞ্চলের আনবারে দখলদারি পাকাপোক্ত করার চেষ্টা করছে আইএস জঙ্গিরা। রামাদি শহরটি এই প্রদেশেরই রাজধানী। টানা তিন দিনের প্রচেষ্টায় গত রোববার শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে জঙ্গিরা।
ইরাকি পুলিশ ও সরকারপন্থী বাহিনীগুলো জানিয়েছে, আইএস জঙ্গিরা মঙ্গলবার দিবাগত রাতে হুসাইবা আল-শারকিয়া শহরে আক্রমণ চালায়। ইরাকি বাহিনীর হাব্বানিয়া সামরিক ঘাঁটি ও রামাদির মধ্যে অবস্থিত শহরটি। সরকারপন্থী স্থানীয় একটি সুন্নি উপজাতি বাহিনীর নেতা আমির আল-ফাহদাবি বলেন, ‘কমবেশি চার ঘণ্টা লড়াইয়ের পর আমরা তাদের আক্রমণ ভন্ডুল করে দিই।’
ইরাক সরকারের আহ্বান: রামাদি পুনরুদ্ধারের অভিযানে অংশ নিতে স্বেচ্ছাসেবী হয়ে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ইরাক সরকার। মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়, রামাদির লড়াইয়ে লোকবল সংকট মেটাতে স্বেচ্ছায় যোদ্ধা সংগ্রহের জন্য একটি কর্মসূচি হাতে নেওয়া জরুরি।
যুক্তরাষ্ট্রের তৎপরতা: রামাদির পতনের পর করণীয় ঠিক করতে মঙ্গলবার হোয়াইট হাউসে নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠক শেষে কর্মকর্তারা ইঙ্গিত দেন যে প্রেসিডেন্ট ওবামা আনবার প্রদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি উপজাতি যোদ্ধাদের অতি দ্রুততার সঙ্গে অস্ত্র ও প্রশিক্ষণ সহায়তা দেওয়ার উপায় খুঁজছেন।
রাজধানী বাগদাদ থেকে সড়কপথে মাত্র ৯০ মিনিটের রাস্তা রামাদিকে সিরিয়া, জর্ডান ও সৌদি আরবের প্রবেশপথ হিসেবে দেখা হয়ে থাকে। জঙ্গিদের হাতে গুরুত্বপূর্ণ এ শহরটির পতন ইরাকি বাহিনীর পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের জন্য বড় ধাক্কা।
আন্তর্জাতিক সম্মেলন ২ জুন: ইরাক ও সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ২ জুন ফ্রান্সের প্যারিসে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ফরাসি সরকারের একজন মুখপাত্র গতকাল এ কথা জানান।