আইএস যেভাবে ইসলামি আইন লঙ্ঘন করছে

মধ্যপ্রাচ্যে সক্রিয় নৃশংস জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও এর নেতা আবু বকর আল-বাগদাদির নিন্দায় ঐক্যবদ্ধ হয়েছেন বিশ্বের শতাধিক ইসলামিক বুদ্ধিজীবী ও মুসলিম নেতা। তাঁরা বাগদাদির বিরুদ্ধে ইসলামের গুরুত্বপূর্ণ আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে ব্যর্থতার অভিযোগ এনে একটি চিঠি জারি করেছেন।
৮ সেপ্টেম্বর বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১২৬ জন ইসলামিক বুদ্ধিজীবী ও মুসলিম নেতা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। তাঁরা বাগদাদির দেওয়া ইসলামের ব্যাখ্যার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
চিঠিটিতে আইএসের ইসলামি আইন লঙ্ঘনের ২৪টি নমুনা তুলে ধরা হয়েছে। চরম নৃশংস কার্যকলাপের কারণে ইতিমধ্যে বিশ্ববাসীর নিন্দা কুড়িয়েছে আইএস। জঙ্গিগোষ্ঠীটির সমালোচনায় মুসলিম উম্মাহও মুখর।
আমেরিকান ইসলামিক রিলেশনসের জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ গণমাধ্যমকে বলেছেন, আইএসে সম্ভাব্য যোগদান নিরুৎসাহিত করতে ওই চিঠি জারি করা হয়েছে।
জারি করা চিঠিতে আইএসের ইসলামি আইন লঙ্ঘনের যেসব উদাহরণ তুলে ধরা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো: নিরীহ মানুষ হত্যা, নির্যাতন, মৃতের চেহারা বিকৃত করা, নারীর অধিকার অস্বীকার, বলপূর্বক ধর্মান্তর, নবী ও তাঁদের সঙ্গীদের কবর বা পবিত্রস্থান ধ্বংস, খ্রিষ্টানসহ অন্য ধর্মের অনুসারীদের ক্ষতি সাধন বা খারাপ আচরণ, দূত বা কূটনীতিকদের হত্যা, সব মুসলমানের ঐকমত্য ছাড়া খেলাফত ঘোষণা করা।
চিঠিতে বলা হয়েছে, ইসলামে জিহাদ পুরোপুরি একটি আত্মরক্ষামূলক সংগ্রাম।