আইএস হটাতে সীমান্তে তুর্কি সেনাদের অভিযান

তুর্কি সেনারা আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে মিলে আজ বুধবার আইএসবিরোধী ব্যাপক অভিযান শুরু করেছে। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হটাতে সিরীয় সীমান্ত শহরের বাইরে এ অভিযান চলছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, স্থানীয় সময় ভোর চারটার দিকে এ অভিযান শুরু হয়।
তুর্কি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আজ এএফপির খবরে জানানো হয়, তুর্কি সেনারা এখন আইএস জঙ্গিদের লক্ষ্য করে কামানের গোলাসহ ভারী অস্ত্র ব্যবহার করছে। আগের দিন ওই জঙ্গিদের রকেট ছোড়ার ঘটনায় তুরস্ক ও সিরিয়ার সীমান্তে উত্তেজনা দেখা দেয়।
বিবৃতিতে জানানো হয়, সিরিয়ার আলেপ্পো প্রদেশের জারাবলুস শহর থেকে জঙ্গি সংগঠন দায়েশকে হটাতে সশস্ত্র তুর্কি সেনা ও আন্তর্জাতিক জোটের বিমানবাহিনী একযোগে সামরিক অভিযান চালিয়েছে। আইএসকে আরবিতে দায়েশ বলা হয়।
আগে দেশটির বেসরকারি টেলিভিশন এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস বলেন, জারাবলুস শহরটি তুরস্কের কারকামিস শহরের বিপরীত দিকে। তাই শহরটি জাতীয় নিরাপত্তার বিষয়। তুরস্ক শুরু থেকেই বলে আসছে, জারাবলুসে আইএসের উপস্থিতি গ্রহণযোগ্য নয়।