আইএস হটিয়ে সিরিয়ার দাবিক দখল করল বিদ্রোহীরা
সিরিয়ার সরকারবিরোধী তুর্কিপন্থী বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলীয় শহর দাবিক দখল করে নিয়েছে। গুরুত্বপূর্ণ এ শহরটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
কৌশলগত এবং সামরিক দিক দিয়ে দাবিকের গুরুত্ব ততটা নেই। অন্তত আগে আইএসের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার শহর রাকা বা ইরাকের মসুলের তুলনায় এর সামরিক গুরুত্ব অনেক কম। তবে আইএসের কাছে এ শহরটির গুরুত্বটা আদর্শিক। কেননা, শহরটি সুন্নি সংখ্যাগরিষ্ঠ।
অবজারভেটরি বলেছে, আইএস দাবিক ছেড়ে যাওয়ার পর বিদ্রোহীদের যুদ্ধবিমান এবং পদাতিক বাহিনী গত শনিবার শহরটি দখল করে নেয়। সংস্থার প্রধান রামি আবদেল রাহমান বলেন, বিদ্রোহীরা দাবিকের কাছের শহর সাওরান দখল করে নেয়।
তুরস্কভিত্তিক বিদ্রোহীদের একটি গোষ্ঠী ফাসতিকাম ইউনিয়ন টুইটারে শহর দখলের ছবিও দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ছোট সাদা রঙের ট্রাকে একদল যোদ্ধা রাইফেলের গুলি শূন্যে ছুড়ছে।
শহরটি দখল করতে বিদ্রোহী বাহিনীর ৯ সদস্য নিহত হয়। আহত হয় অন্তত ২৮ জন।