আইএসকে অর্থ দেওয়ার কথা অস্বীকার কাতারের
ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে অর্থ দিয়ে সহযোগিতা করার অভিযোগ অস্বীকার করেছেন কাতারের জ্যেষ্ঠ কর্মকর্তারা। চলতি সপ্তাহে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির যুক্তরাজ্য সফরের আগে এ বক্তব্য এল। খবর বিবিসির।
কাতারের গোয়েন্দা সংস্থার প্রধানসহ বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্যমতে, দেশটি কেবল উদারপন্থী যোদ্ধা গ্রুপগুলোকে সহায়তা দিয়েছে। আর সেই সহযোগিতা দেওয়া হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএসহ পশ্চিমা ও আরব বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে। যোদ্ধাদের অর্থ সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে বলেও দাবি তাঁদের।
চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ পার্লামেন্টের একাধিক সদস্য (এমপি) কাতারের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন। কাতার আইএসকে সহায়তা দিয়েছে বলে অভিযোগ ওঠার প্রেক্ষাপটে ওই এমপিরা ক্ষুব্ধ হন। ওই ঘটনায় যুক্তরাজ্যে বড় বিনিয়োগকারী দেশগুলোর একটি কাতার যারপরনারই বিব্রত হয়েছে বলে জানান বিবিসির নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি ফ্রাঙ্ক গার্ডেনার।
অতীতে কাতারের ধনাঢ্য কিছু ব্যক্তি ও সরকারের মাধ্যমে সিরিয়ার কট্টরপন্থী ইসলামি গ্রুপগুলোর কাছে অর্থ ও অস্ত্রশস্ত্র গেছে বলে মনে করা হয়ে থাকে। কিন্তু কাতারের গোয়েন্দা বিভাগের পরিচালকসহ বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে লড়াইরত গ্রুপগুলোকে কাতার সহায়তা করছে, এতে লুকোচুরি করার কিছু নেই। তবে সিরিয়ার গৃহযদ্ধে কোন গ্রুপ কখন কার পক্ষে যাচ্ছে, তার ঠিক নেই। দেখা যাচ্ছে, অতীতে যাদের উদারপন্থী হিসেবে বিবেচনা করা হতো, পরে তারাই কট্টরপন্থী ইসলামি জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছে।