আইএসকে একেবারে ইরাকছাড়া করা হবে: এবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধের কারণে রামাদি ছেড়ে বাগদাদের একটি শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন শহরটির অনেক বাসিন্দা। আইএসের কাছ থেকে শহরটি মুক্ত হওয়ার খবরে তাঁরা গতকাল উল্লাস করেন l ছবি: এএফপি
যুদ্ধের কারণে রামাদি ছেড়ে বাগদাদের একটি শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন শহরটির অনেক বাসিন্দা। আইএসের কাছ থেকে শহরটি মুক্ত হওয়ার খবরে তাঁরা গতকাল উল্লাস করেন l ছবি: এএফপি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেটকে (আইএস) একেবারে দেশছাড়া করা হবে। ইরাকের সরকারি বাহিনী আইএস অধিকৃত গুরুত্বপূর্ণ শহর রামাদি পুনর্দখল করার পর এ কথা বললেন এবাদি। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
টানা কয়েক সপ্তাহের লড়াইয়ের পর গত সোমবার ইরাক সরকার রামাদি পুনর্দখলের ঘোষণা দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনের ছবিতে রামাদির কেন্দ্রস্থলে সরকারি বাহিনীর সদস্যদের পতাকা উড়িয়ে উল্লাস করতে দেখা যায়। এ বছরের মে মাসে ইরাকের গুরুত্বপূর্ণ এ শহরটি দখল করে ফেলে আইএস। এর পতনকে ইরাকের সরকারি বাহিনীর জন্য বিপর্যয় ও বিব্রতকর ঘটনা বলে দেখা হয়েছিল। গত নভেম্বর মাস থেকে সরকারি বাহিনীর রামাদি দখলের জন্য হামলা শুরু করে।
রামাদি দখলের সরকারি ঘোষণার পর জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী এবাদি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনর্দখল করা হবে বলে ঘোষণা দেন। এবাদি বলেন, ‘সেই লড়াই হবে মারাত্মক এবং শেষ লড়াই।’
এবাদি আরও বলেন, ‘২০১৬ সাল হবে বড় এবং শেষ বিজয়ের বছর। আগামী বছর ইরাক থেকে আইএসকে নিশ্চিহ্ন করা হবে। মসুল আইএস-মুক্ত করার জন্য আমরা আসছি।’
পশ্চিম ইরাকের সুন্নি-প্রধান আনবার প্রদেশের রাজধানী রামাদি। শহরটির পুনর্দখলের জন্য ইরাকের সরকারি বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী আইএসের ওপর বিমান হামলা চালায়।
বিভিন্ন দেশের প্রশংসা: রামাদি দখলের ঘটনাকে অভিনন্দন জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একে স্বাগত জানিয়ে বলেছেন, এটি আইএসের একটি বড় ধরনের পরাজয়। ‘অসামান্য সাহস’ প্রদর্শনের জন্য তিনি ইরাকের সরকারি বাহিনীকে অভিনন্দন জানান। কেরি বলেন, রামাদি এখনো পুরো নিরাপদ নয়। শহরের বর্ধিত অংশগুলোকে দখল করতে হবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার রামাদি দখলকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ অগ্রগতি’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, আইএসের বিরুদ্ধে অভিযানে এর গুরুত্ব যথেষ্ট। এখন ইরাক সরকারের দায়িত্ব হলো রামাদিতে শান্তি প্রতিষ্ঠা করা। সেখানে আইএসের নতুন করে প্রত্যাবর্তন ঠেকানো। কার্টার বলেন, রামাদি ছেড়ে যাওয়া মানুষদের শহরে ফিরিয়ে আনতেও তৎপর হতে হবে সরকারকে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডও রামাদি-বিজয়ের পর ইরাক সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, রামাদিতে যৌথ বাহিনীর বিমান হামলা এতে ‘প্রধান ভূমিকা’ রেখেছে। হ্যামন্ড বলেন, ‘এ যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারত। তবে যৌথ বাহিনীর কৌশলের জয় হয়েছে। আইএস নির্মূল না হওয়া পর্যন্ত আমরা ইরাকের জনগণের পাশে আছি।’
ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রসুল রামাদি জয়কে ‘মহাকাব্যিক’ বলে আখ্যায়িত করেছেন। এ যুদ্ধে কতজন মারা গেছে, সরকারের তরফ থেকে তার কোনো সংখ্যা জানানো হয়নি। গত সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, ইরাকি সেনারা শহরটিতে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করছে। উৎফুল্ল সেনাদের একটি ছাগল জবাই করতেও দেখা যায়।
লড়াইয়ের পর পুরো রামাদির চেহারা পাল্টে গেছে। ধ্বংসস্তূপে ভরা শহরময় ছড়িয়ে আছে আইএসের রেখে যাওয়া বিস্ফোরকযুক্ত ফাঁদ। ইরাকি সেনারা এখন এসব চিহ্নিত করে ধ্বংস করছে। শহরের কিছু কিছু জায়গায় আইএস জঙ্গিদের সন্ধানে তল্লাশিও চালাচ্ছে সরকারি বাহিনী।
ইরাকি সেনাবাহিনীর ৮ ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মজিদ আল-ফাতলাউই বার্তা সংস্থা এএফপিকে বলেন, আইএসের জঙ্গিরা শহরের বিভিন্ন রাস্তায় ও সরকারি বাসভবনের অন্তত ৩০০ জায়গায় বিস্ফোরক রেখেছে।