আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তাঁর দেশে গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের ‘কবর’ দেবেন বলে অঙ্গীকার করেছেন। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে গিয়ে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
দেশটিতে আইএসের আঞ্চলিক শাখা আফগান বাহিনী ও তালেবান যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে।
আশরাফ ঘানি বলেন, আইএস আফগান-সৃষ্ট কোনো সমস্যা নয়। জঙ্গি সংগঠনটির সহিংসতা তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তিনি বলেন, ‘তারা (আইএস) ভুল জায়গায় সংঘাতে লিপ্ত হয়েছে। আফগান জনগণ সহিংসতার প্রতিশোধ নিতে উন্মুখ।’
আফগান প্রেসিডেন্ট বলেন, ‘এটা অস্বীকার করার সুযোগ নেই যে আমরা ভয়াবহ বিষয় নিয়ে কাজ করছি। আমার কূটনীতির বড় অংশ জুড়ে রয়েছে আঞ্চলিক ঐকমত্য প্রতিষ্ঠা করা।’
তালেবানের সঙ্গে শান্তি আলোচনা প্রসঙ্গে আশরাফ ঘানি বলেন, আগামী এপ্রিলের মধ্যে শান্তি আলোচনা শুরু না হলে সংকট আরও ঘনীভূত হবে। তিনি বলেন, ‘সময় কারও বন্ধু নয়। আমরা সবাই এটা উপলব্ধি করি যে ফেব্রুয়ারি ও মার্চ মাস গুরুত্বপূর্ণ।’
আফগান প্রেসিডেন্ট বলেন, পর্যবেক্ষকদের এটা বোঝা দরকার যে আফগানিস্তানের সংকট পুরো যুদ্ধচিত্রের একটি অংশ মাত্র।