আইএসকে দমনে পদাতিক সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র
ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণাত্মক হচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তাদের দমনে পদাতিক সেনা পাঠাবে না ওয়াশিংটন।
এর মধ্যে পশ্চিম ইরাকের হাদিথা বাঁধের কাছে গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন বিমান হামলা জোরদার করা হয়েছে। এতে জঙ্গিগোষ্ঠীটির ক্ষয়ক্ষতিও হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বাঁধের নিরাপত্তার দায়িত্বে থাকা ইরাকের নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সুন্নি গোষ্ঠীকে রক্ষায় গতকাল রোববার এই হামলা চালানো হয়।
মার্কিন কর্মকর্তাদের দাবি, কয়েক দফা বিমান হামলায় সামরিক কাজে ব্যবহৃত আইএসের বেশ কিছু যানবাহন ধ্বংস হয়েছে। এর মধ্যে বিমানবিধ্বংসী অস্ত্রবাহী দুটি যান রয়েছে। এ ছাড়া যুদ্ধ করার জন্য আইএসের একটি অবস্থান ও নির্দেশনা চৌকি ধ্বংস হয়েছে।
গত মাসে গুরুত্বপূর্ণ হাদিথা বাঁধের দখল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল আইএস।
আগামী বুধবার মার্কিন জনগণ ও রাজনৈতিক নেতাদের উদ্দেশে ভাষণ দিয়ে আইএসকে মোকাবিলা পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এনবিসি টেলিভিশনকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা যে হুমকির মুখে আছি এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, তা মার্কিন জনগণের কাছে আমি তুলে ধরতে চাই।’
তবে ওবামার এই পরিকল্পনার আওতায় পদাতিক সেনা পাঠানোর কৌশল থাকছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ইরাক যুদ্ধের মতো নয়। এটা সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের মতো, যা আমরা গত পাঁচ, ছয় ও, সাত বছর ধরে করে আসছি।’
মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, এককভাবে নয়, বরং আন্তর্জাতিক জোটের মাধ্যমে আইএসকে মোকাবিলা করা হবে।
আইএসের বিরুদ্ধে ইরাক ও যুক্তরাষ্ট্রের সব ধরনের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে আরব বিশ্বের দেশগুলোর আঞ্চলিক সংস্থা আরব লিগ।
মূলত ইরাক ও সিরিয়ায় সক্রিয় আছে আইএস। তবে ওই দুই দেশ বাদেও আশপাশের আরও কয়েকটি দেশে তারা তৎপরতা চালায় এবং সেখানকার ভূমির একটি উল্লেখযোগ্য অংশ এখন তাদের নিয়ন্ত্রণে।
সুন্নিপন্থী এই সংগঠন সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। সে লক্ষ্যে তারা এরই মধ্যে খেলাফতও ঘোষণা করেছে। কিন্তু শিয়া মুসলিম ও সংখ্যালঘু অন্য ধর্মাবলম্বীদের ওপর নৃশংসতা চালিয়ে তারা এরই মধ্যে কুখ্যাতি কুড়িয়েছে।