আইএসকে দমাতে ইরান প্রস্তুত, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্প্রতি ভিয়েনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। ইরান এখন বলছে, আইএস দমনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সহযোগিতা করবে তারা, বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচিতে অধিকতর নমনীয়তা দেখাতে হবে। ছবি: রয়টার্স
তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্প্রতি ভিয়েনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। ইরান এখন বলছে, আইএস দমনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সহযোগিতা করবে তারা, বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচিতে অধিকতর নমনীয়তা দেখাতে হবে। ছবি: রয়টার্স

ইরাক ও সিরিয়ায় দাপিয়ে বেড়ানো ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে সহযোগিতা করার বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচিতে আরও নমনীয়তা প্রত্যাশা করছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন কথা জানিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দাবি করেন, সম্প্রতি আইএসকে পরাজিত করতে একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। তবে মার্কিন কর্মকর্তারা বলেন, এ ধরনের কোনো প্রস্তাবই তাঁরা দেননি।
জ্যেষ্ঠ কর্মকর্তাদের দাবি, আইএসের জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান। বিনিময়ে তাদের কাছ থেকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে অধিকতর নমনীয়তা দেখতে চায় তেহরান।
তেহরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকে এমন মন্তব্য আসার পর অন্যান্য আঞ্চলিক সংকট থেকে ইরানের পারমাণবিক সমঝোতাকে আলাদা রাখা পশ্চিমা শক্তিগুলোর জন্য কতটা কষ্টকর হবে—এ বিষয়টি সামনে চলে এসেছে।
সিরিয়ার গৃহযুদ্ধ ও ইরাকের সরকারের ওপর ইরানের ব্যাপক প্রভাব রয়েছে। উভয় দেশের ভূখণ্ডের একটা বড় অংশ নিজেদের দখলে নিয়ে ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আইএস। জঙ্গিগোষ্ঠীটির অগ্রযাত্রা ঠেকাতে বাগদাদ ও দামেস্ক হিমশিম খাচ্ছে।
আইএসের জঙ্গিদের দমনে সহযোগিতার ব্যাপারে মিশ্র বার্তা দিয়েছে ইরান।
আইএস মোকাবিলায় সামরিক সহযোগিতার বিষয়টি প্রকাশ্যে নাকচ করেছে ওয়াশিংটন ও তেহরান। কিন্তু আইএসের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে গোপনে আগ্রহ প্রকাশ করেছেন ইরানের কর্মকর্তারা।
গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, আইএস দমনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে ইরান।
যুক্তরাষ্ট্র এত দিন তার আইএসবিরোধী জোটে তেহরানকে রাখবে না বলেই বলে আসছিল। কিন্তু কেরির ওই মন্তব্য মার্কিন নীতিতে পরিবর্তনের আভাস দেয়।
নাম প্রকাশ না করে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এ অঞ্চলে ইরান খুব প্রভাবশীল একটি দেশ। আইএসের সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে দেশটি সহযোগিতা করতে পারে। কিন্তু এটা একটা দ্বিমুখী পথ। কিছু দাও, কিছু নাও।’
ইরানের এই কর্মকর্তা বলেন, ‘বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি আইএস, আমাদের প্রকল্পের (পারমাণবিক) জন্য নয়। আমাদের প্রকল্প শান্তিপূর্ণ।’
ইরানের আরেক কর্মকর্তাও রয়টার্সকে প্রায় একই কথা বলেছেন। দেশটির উভয় কর্মকর্তা বলেন, তাঁরা চান যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা তেহরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে নমনীয়তা দেখাবে।
পশ্চিমা কর্মকর্তারা বলছেন, তাঁরা ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টিকে আলাদা রাখতে চান।