আইএসবিরোধীদের মিত্র হলেন সিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসি
সিসি

লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি পশ্চিমাদের মিত্রে পরিণত হয়েছেন। নিজ দেশেও কট্টর ইসলামপন্থীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট সিসির নির্দেশে যুদ্ধবিমান থেকে লিবিয়ার দার্না শহরে আইএসের কয়েকটি ঘাঁটি এবং অস্ত্রাগারে হামলা হয়েছে। আইএস দেশটির একটি সমুদ্রসৈকতে ২১ জন মিসরীয় নাগরিককে হত্যার নৃশংস ভিডিওচিত্র প্রকাশ করার পর সিসি ওই হামলার নির্দেশ দেন। প্রতিবেশী দেশ লিবিয়ার বিরুদ্ধে এই প্রথম কোনো সামরিক পদক্ষেপ নিল মিসর।
গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশেষজ্ঞ জ্যাক গোল্ড বলেন, লিবিয়ায় বিমান হামলার মধ্য দিয়ে সিসি আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছেন।
মিসর নিজ ভূখণ্ডের বাইরে আইএসের বিরুদ্ধে প্রত্যক্ষ লড়াই শুরু করেছে। অবশ্য লিবিয়ায় ইসলামপন্থীদের বিরুদ্ধে বোমা হামলা চালানোর জন্য কায়রো আগেও নিজেদের বিমান ঘাঁটিগুলো সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ব্যবহার করতে দিয়েছে। সিসি বরাবরই বলেছেন, তাঁর দেশ গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। সেখানে ইসলামপন্থী বিদ্রোহীরা পুলিশ ও সেনাবাহিনীর বহু সদস্যকে হত্যা করেছে। নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুড ও তাদের প্রতি সহানুভূতিশীল জঙ্গি সংগঠনকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করা হয়। বিভিন্ন জিহাদি সংগঠন এসব সন্ত্রাসী হামলার দায়ও স্বীকার করেছে। ব্রাদারহুড-সমর্থিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত করেছিলেন তখনকার সেনাপ্রধান সিসি।
মুরসির পতনের পর সিসির তত্ত্বাবধানে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হয়েছে। এতে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই মুরসির সমর্থক। ব্রাদারহুডের হাজার হাজার নেতা-কর্মীকে বন্দী করে রাখা হয়েছে। দ্রুত বিচারে শতাধিক মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনাকে সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন আখ্যা দিয়েছে জাতিসংঘ।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ব্রাদারহুডের বিরুদ্ধে অভিযানের সমালোচনা করেছে। দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে ব্রাদারহুড বিপুলভাবে বিজয়ী হয়েছিল। তাদের সমমনা নেতা মুরসি প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন। বিশেষজ্ঞ জ্যাক গোল্ড বলেন, আইএসের উত্থানে মিসর বুঝতে পেরেছে যে সংগঠনটি ইরাক ও সিরিয়ার জন্য যেমন হুমকি, তেমনি সিনাই থেকে শুরু করে ইয়েমেনের জন্যও বিপজ্জনক। যুক্তরাষ্ট্র এখন মিসরকে গ্রহণ করার জন্য আগের চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠেছে। কারণ, গণতন্ত্রের পথে দেশটির পরিবর্তন ধীরগতির হলেও ব্যাপারটা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো প্রভাব ফেলবে না।
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউটের গবেষক এইচ এ হেলিয়ার বলেন, লিবিয়ায় আইএসের বিরুদ্ধে বোমাবর্ষণের ঘটনায় প্রমাণ হয়, সিসি ওই অঞ্চলে জিহাদি জঙ্গিদের হুমকির বিষয়টিতে কতটা গুরুত্ব দিচ্ছেন। এ ক্ষেত্রে তিনি সম্ভবত মিসরের পদক্ষেপকে জর্ডানের সামরিক প্রতিশোধের সঙ্গে তুলনীয় মনে করছেন। জর্ডানের একজন পাইলটকে জঙ্গিরা হত্যা করার পর দেশটির সেনাবাহিনী আইএসের ওপর ব্যাপক হামলা চালায়।