আইএসমুক্ত হলো নিমরুদ শহর
ইরাকের প্রাচীন শহর নিমরুদ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে পুনর্দখল করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। অ্যাসিরীয় সভ্যতার এ শহরের একাংশ গুঁড়িয়ে দিয়েছিল আইএস। শহরটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য।
গত সপ্তাহে নিমরুদ উদ্ধারে অভিযান শুরু করে ইরাকের সরকারি বাহিনী। আজ ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ড (জেওসি) শহরটি দখলের দাবি করে। শহরের পাশাপাশি একটি গ্রামও দখল করে এই বাহিনী। জেওসির এক বিবৃতিতে আজ বলা হয়, ‘নবম পদাতিক বাহিনীর একটি ইউনিট পুরো নিমরুদ শহর আজ দখলে নিয়েছে। দখলের পর সেখানকার ভবনে ইরাকের পতাকাও উড়িয়ে দেওয়া হয়েছে।’
খ্রিষ্টপূর্ব ত্রয়োদশ শতকে নিমরুদ শহরের গোড়াপত্তন। এটি একপর্যায়ে অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানী হয়। মধ্যপ্রাচ্যের প্রাচীন এলাকাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত এই শহর। রাজধানী হওয়ার পর এখানে তখনকার শাসকেরা অসংখ্য ভবন ও স্মৃতিস্তম্ভ তৈরি করেন। দেড় শ বছর আগে প্রত্নতত্ত্ববিদেরা শহরটি আবিষ্কার করেন। গত বছরের এপ্রিল মাসে আইএস একটি ভিডিও প্রকাশ করে; যেখানে আইএস জঙ্গিদের নিমরুদ শহরের একটি স্মৃতিস্তম্ভ বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দিতে দেখা যায়।
নিমরুদ পুনর্দখলকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। শহরটির ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধারে ইরাক সরকারের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।