আইএসে বিদেশি যোদ্ধার সংখ্যা বেড়ে চলেছে
ইরাক ও সিরিয়ায় সুন্নি কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে লড়াই করতে বিদেশিদের যোগ দেওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে তাদের নিহত হওয়ার ঘটনাও। সর্বশেষ সিরিয়ায় এক মার্কিন নিহত হয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ইরাক ও সিরিয়ায় শুধু আইএস নয়, কট্টরপন্থী অন্যান্য সংগঠনের সঙ্গেও যোগ দিচ্ছে বিদেশি মুসলিমরা। পশ্চিমা দেশগুলোর নাগরিকেরাও এই তালিকায় আছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু সিরিয়াতেই অন্তত ১২ হাজার বিদেশি নাগরিক কট্টরপন্থী বিভিন্ন গোষ্ঠীর হয়ে লড়াই করছে, যারা বিশ্বের ৫০টি দেশ থেকে যোগ দিয়েছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দাপ্রধান গতকাল বুধবার জানিয়েছেন, আইএসসহ কট্টরপন্থী বিভিন্ন সংগঠনে যোগ দেওয়া অস্ট্রেলীয়র সংখ্যা দিন দিন বাড়ছে।
মার্কিন সাংবাদিক জেমস ফলিকে হত্যার সাম্প্রতিক ভিডিওচিত্রে আইএসের এক জঙ্গিকে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ইংরেজি উচ্চারণে কথা বলতে শোনা যায়। এরপর ব্রিটিশ সরকার খোঁজখবর নিয়ে অনেকটাই নিশ্চিত হয়েছে যে ওই জঙ্গি ব্রিটিশ। বিদেশে গিয়ে বেশ কিছুসংখ্যক ব্রিটিশের কট্টরপন্থী সংগঠনের পক্ষে যুদ্ধ করার তথ্য আছে যুক্তরাজ্য সরকারের কাছে।
সিরিয়ায় আইএসের পক্ষে লড়াই করতে গিয়ে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে গত মঙ্গলবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ডগলাস ম্যাককেইন নামের ওই মার্কিন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হন। ডগলাস প্রায় ১০ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
১৫ অস্ট্রেলীয় নিহত: অস্ট্রেলিয়ার গোয়েন্দাপ্রধান ডেভিড আরভিন গতকাল জানিয়েছেন, সিরিয়া ও ইরাকে লড়াইয়ে অন্তত ১৫ অস্ট্রেলীয় নিহত হয়েছে। এদের মধ্যে দুজন আত্মঘাতী হামলাকারীও আছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদেশে গিয়ে আইএসের মতো কট্টরপন্থী সংগঠনগুলোতে যোগ দেওয়ার অস্ট্রেলীয়র সংখ্যা দিন দিন বাড়ছে।