আইএসে যোগ দিতে যাচ্ছিল কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জিহাদি দলে যোগ দিতে যাওয়ার পথে গত রোববার দক্ষিণ আফ্রিকার ১৫ বছরের এক কিশোরী ধরা পড়েছে। বিমান ছাড়ার আগ মুহূর্তে সে ধরা পড়ে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান। আজ মঙ্গলবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

দেশটির নিরাপত্তামন্ত্রী ডেভিড মাহলোবো স্থানীয় পত্রিকা দ্য স্টারকে বলেন, ওই কিশোরী আইএসে যোগ দিতে যাচ্ছিল বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় ছিল।
খবরে জানানো হয়, গতকাল সকালে ওই কিশোরীর দাদা-দাদি তাঁদের কেপটাউনের বাড়ি থেকে নাতনিকে পাওয়া যাচ্ছে বলে থানায় অভিযোগ জানান। পরে জোহানেসবার্গগামী ব্রিটিশ এয়ার ওয়েজের একটি বিমানে তাকে পাওয়া যায়। ওই কিশোরী তুরস্ক যাচ্ছিল। সেখান থেকে সীমান্ত অতিক্রম করে তার সিরিয়ায় ঢোকার পরিকল্পনা ছিল। জিজ্ঞাসাবাদ শেষে ওই কিশোরীকে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, তদন্তকারী একটি দল ওই কিশোরীর কক্ষে অভিযান চালিয়ে আইএসের নিয়োগকারী দলের সঙ্গে যোগাযোগ করার প্রমাণ পেয়েছে।

মন্ত্রী মাহলোবো দ্য স্টারকে বলেন, এই যোগাযোগ কত দূর গড়িয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। দেশটিতে আইএসের সেল আছে কি না এবং এর অর্থায়ন ও নিয়োগের পদ্ধতি কী, তদন্ত চলছে।