আইএসে যোগ দেওয়া সন্দেহভাজন নারীকে ফিরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে বিভিন্ন দেশ থেকে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন অনেকে। আইএসে যোগ দেওয়া এমন সন্দেহভাজন এক নারী ও তাঁর দুই সন্তানকে ফিরিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড। খবর বিবিসির।
যে নারীকে নিউজিল্যান্ড ফিরিয়ে নিচ্ছে, তাঁর বয়স ২৬ বছর। তিনি বড় হয়েছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড—দুই দেশের নাগরিকত্ব ছিল তাঁর। কিন্তু অস্ট্রেলিয়া ওই নারীর নাগরিকত্ব বাতিল করেছে।

ওই নারী তাঁর দুই সন্তান নিয়ে সিরিয়া থেকে তুরস্কে প্রবেশ করতে চেয়েছিলেন। এই সময় নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন তিনি। এর আগে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর গত বছর অস্ট্রেলিয়া তাঁর নাগরিকত্ব বাতিল করে। ওই সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছিলেন, ওই নারী দেশের শত্রু। ওই নারীর নাগরিকত্ব বাতিল করায় অস্ট্রেলিয়ার ওপর চটেছিলেন আরডার্ন। আর এ বছরের শুরুতে আরডার্ন বলেছিলেন, ওই নারীর অস্ট্রেলিয়ায় ফেরা উচিত।

কিন্তু এই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ড ওই নারীকে ফিরিয়ে নিচ্ছে। এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, তাঁকে এবং তাঁর দুই সন্তানকে ফিরিয়ে নেওয়া সিদ্ধান্তটি খুব হালকাভাবে নেওয়া হয়নি। নিউজিল্যান্ড তাঁর দায়িত্ব গ্রহণ করছে বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে আজ সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটা নিশ্চিত করতে চাই, ওই নারী ও তাঁর সন্তানদের ফিরিয়ে আনার ক্ষেত্রে ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া তাঁরা যাতে নিউজিল্যান্ডের জন্য কোনো ঝুঁকি না হন, সেই বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।’

আরডার্ন বলেন, ওই নারীকে ফিরিয়ে নেওয়া হবে কি হবে না, সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নিউজিল্যান্ডের নেই। একমাত্র এই দেশেই ফিরতে পারেন ওই নারী।
আরডার্ন আরও বলেন, ‘ওই নারীকে আশ্রয় দেওয়া তুরস্কের দায়িত্ব নয়। এ ছাড়া অস্ট্রেলিয়া তার দায়িত্ব অস্বীকার করেছে। এই কারণে সেই দায়িত্ব আমরা নিয়েছি।’