ইরাকে মসুল শহর পুনর্দখল অভিযানের অংশ হিসেবে এর পশ্চিমে ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানে অভিযান শুরু করেছে শিয়া আধা সামরিক বাহিনী। সরকারি বাহিনীর অভিযানে সহায়তায় গতকাল শনিবার ইরান-সমর্থিত এ বাহিনী অভিযান শুরু করে। মসুল পুনর্দখলের অভিযানে শিয়া বাহিনীর এটাই প্রথম বড় ধরনের অংশগ্রহণ।
হাসিদ শাবি অথবা পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএফএম) নামে পরিচিত শিয়া বাহিনী তুরস্কের কাছাকাছি ও মসুলের ৬৩ কিলোমিটার পশ্চিমে আইএস-নিয়ন্ত্রিত তেল আফার শহর লক্ষ্য করে অভিযান চালায়।
মার্কিন বিমান হামলার সমর্থন নিয়ে ইরাকি বাহিনী দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল আইএসের কাছ থেকে পুনর্দখলের জন্য ১৭ অক্টোবর অভিযান শুরু করে। গতকাল পিএমএফ এতে যুক্ত হয়। এই বাহিনী জানিয়েছে, গতকাল সকালে তারা মসুলের দক্ষিণ থেকে তেল আফারের দিকে অগ্রসর হতে থাকে। পিএমএফের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘আক্রান্ত শহর তেল আফার স্বাধীন হতে চলা শহরগুলোর একটি হতে যাচ্ছে।’
শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরাকের তেল আফার এলাকাটি সুন্নি অধ্যুষিত। ওই এলাকায় অগ্রসর হওয়ার আগে শিয়া বাহিনী আগাম জানানও দেয়। শিয়া বাহিনীর অভিযানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ইরাকের শিয়া বাহিনী আগের অভিযানগুলোতে জয়লাভের পর গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, যা যুদ্ধাপরাধের মতো।
ইরাক সরকার ও পিএমএফের ভাষ্য হলো, আইএসবিরোধী অভিযানে আইন অমান্যের গুটিকয়েক ঘটনা ঘটেছে এবং সেগুলো তারা তদন্ত করে দেখছে। ব্যাপক নিপীড়নের অভিযোগ তারা অস্বীকার করেছে।
এদিকে মসুলে চাপের মুখে থাকা আইএস পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদিতে গতকাল হামলা চালায়। তবে তা প্রতিহত করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরপর সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে ১১ আইএস যোদ্ধাকে।
রামাদিতে আইএসের হামলা প্রসঙ্গে আনবারের পুলিশ কর্মকর্তা আহমেদ আল-দুলাইমি বলেন, রামাদি শহরের দক্ষিণ প্রান্তে আল-তাশ শহরতলি থেকে ইরাকি বাহিনী ‘১১ জন দায়েশ (আইএস) সদস্যকে গ্রেপ্তার করেছে।’ আনবারের প্রাদেশিক কাউন্সিল মেম্বার রেজা আল-ইসাভি বলেছেন, গ্রেপ্তারকৃত ১১ জন শহরে হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে।
চলতি বছর ইরাকি বাহিনী আইএসের হাত থেকে রামাদি পুনর্দখল করে। সেখানে মাইন অপসারণ ও পুনর্গঠন কাজ চলছে, তা সত্ত্বেও খুব কমসংখ্যক বেসামরিক লোকই সেখানে ফিরেছে।