আইএসের আফগান শাখার প্রধান আবু সায়েদ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখার প্রধান আবু সায়েদ নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এক বছরের মধ্যে এ নিয়ে তৃতীয়বার আইএসের আফগান শাখা তাদের নেতা হারাল।

পেন্টাগন শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আবু সায়েদ গত মঙ্গলবার আফগানিস্তানের কুনার প্রদেশে এক সামরিক অভিযানের সময় নিহত হন। আইএসের স্থানীয় ঘাঁটি লক্ষ্য করে মার্কিন বাহিনী ওই হামলা করেছিল। এতে জঙ্গি সংগঠনটির আরও কয়েকজন সদস্য নিহত হন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সাংবাদিকদের বলেন, ‘স্পষ্টত এটা আমাদের একটা বিজয়। কারণ এই অর্জনের মধ্য দিয়ে আমরা ওদের (আইএস) পিছু হটিয়ে দিয়েছি। এটাই সঠিক পথ।’

মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়াভিত্তিক সংগঠন আইএস ২০১৫ সালে দক্ষিণ এশিয়ার আফগানিস্তানে তৎপরতা শুরু করে। তারা খোরাসান অঞ্চল থেকে শুরু করে নানগারহার এবং কুনার প্রদেশের বড় অংশে পাকিস্তান সীমান্তের কাছে কার্যক্রম চালায়। তবে দেশটিতে তালেবানের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানের কারণে আইএসের তৎপরতা অধিকাংশ ক্ষেত্রে আড়ালে পড়ে যায়।

আফগান ও মার্কিন বাহিনী আবু সায়েদের দুই পূর্বসূরি হাফিজ সাইদকে ২০১৬ সালের জুলাইয়ে এবং আবদুল হাসিবকে চলতি বছরের এপ্রিলে হত্যা করে। তাঁরা আইএসের আফগান শাখার নেতৃত্ব দিতেন। তখন মার্কিন বাহিনী বলেছিল, তারা ২০১৭ সালের মধ্যে আফগানিস্তানে আইএসকে পুরোপুরি নির্মূল করবে।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, আফগানিস্তানে আইএসের যোদ্ধার সংখ্যা এখন এক হাজারের নিচে।