আইএসের আরও চার লক্ষ্যবস্তুতে রুশ হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার ইদলিব শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ঘাঁটিতে গতকাল একটি সামরিক যানের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন সিভিল ডিফেন্সের একজন কর্মী। আন্দোলনকর্মীরা বলছেন, রুশ বিমান হামলাতেই ওই গাড়িতে আগুন ধরে যায় l ছবি: রয়টার্স
সিরিয়ার ইদলিব শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ঘাঁটিতে গতকাল একটি সামরিক যানের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন সিভিল ডিফেন্সের একজন কর্মী। আন্দোলনকর্মীরা বলছেন, রুশ বিমান হামলাতেই ওই গাড়িতে আগুন ধরে যায় l ছবি: রয়টার্স

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে দ্বিতীয় দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, বুধবার রাতে আইএসের চারটি অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা রুশ বিমান আক্রমণকে ‘শক্তিশালী ও ভয়াবহতম’ বলে উল্লেখ করছে। এদিকে প্রথম দফা হামলায় অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে আইএসের চারটি লক্ষ্যবস্তুতে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে। সুখোই-২৪এম ও সুখোই-২৫ যুদ্ধবিমান ব্যবহার করে ইদলিব ও হামা এলাকায় এসব হামলা চালানো হয়। ইদলিবে আইএসের অস্ত্রের গুদামে এবং হামায় কমান্ড সেন্টারে আঘাত হানা হয়েছে।
বুধবার সিরিয়ায় কথিত জঙ্গি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো শুরু করে রাশিয়া। বিবিসির খবরে বলা হয়, প্রথম দফায় প্রায় ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। রয়টার্স বলেছে, প্রথম দফা হামলায় শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
তবে বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরকে মস্কোর বিরুদ্ধে ‘তথ্যের আক্রমণ’ বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল তিনি বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সঙ্গে সমন্বয় করেই সিরিয়ায় হামলা চালাচ্ছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের সন্দেহ: এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল নিউইয়র্কে সাংবাদিকদের বলেন, গুঞ্জন রয়েছে যে রুশ হামলাগুলো আইএসের অবস্থান লক্ষ্য করে চালানো হয়নি।
সিরিয়ায় প্রথম দফা রুশ হামলার পরপর যুক্তরাষ্ট্র, ন্যাটো ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্থানীয় বিরোধীরা উদ্বেগ প্রকাশ করে বলেছিল, মস্কো পশ্চিমা দেশগুলোর সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করাই এ হামলার লক্ষ্য।
ফ্রি সিরিয়ান আর্মির আশঙ্কা: বাশারবিরোধী বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মির কমান্ডার বাশার আল-জুবি বলেছেন, প্রেসিডেন্ট বাশারের সমর্থনে রাশিয়ার বিমান হামলা গৃহযুদ্ধকে দীর্ঘতর করবে।
রুশ হামলায় ইরানের সমর্থন: সিরিয়ায় রাশিয়ার বিমান হামলাকে সমর্থন দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানিয়ে বলেন, এই হামলা সিরিয়া-সংকট সমাধানের একটি পদক্ষেপ।
সৌদি আরবের দাবি: এদিকে রয়টার্স জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশারের কঠোর প্রতিপক্ষ হিসেবে পরিচিত সৌদি আরব গতকাল রাশিয়ার বিমান হামলায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে তা বন্ধের দাবি জানিয়েছে। জাতিসংঘে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-মুয়ালিমি বলেন, রাশিয়া ও সিরিয়ার আরেক মিত্র ইরান আইএসের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার দাবি করতে পারে না। কারণ তারা একই সঙ্গে সিরিয়া সরকারের সন্ত্রাসবাদকে সমর্থন করছে।