আইএসের কবজা থেকে মুক্ত ৩৬ ইয়াজিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে প্রায় তিন বছর আটক থাকা সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের ৩৬ জন সদস্যকে মুক্ত করা হয়েছে। জাতিসংঘ এ কথা জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, এখনো আইএসের হাতে প্রায় ১ হাজার ৫শ নারী ও শিশু আটক আছে। মুক্ত করা ৩৬ জনের দলটির মধ্যে পুরুষ, নারী এবং শিশুরাও রয়েছে। তাদের কুর্দিপ্রধান উত্তর ইরাকের ডাহুকে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তবে ঠিক কোথায় তাদের আটকে রাখা হয়েছিল এবং কি ভাবেই বা মুক্ত করা হল, তা জানানো হয়নি।

আইএস ২০১৪ সালে ইরাকের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকার সিনজার শহর দখলে নেওয়ার পর সেখানকার হাজারো ইয়াজিদিকে হত্যা করে বা দাস বানায়। কুর্দি পেশমার্গা বাহিনী ২০১৫ সালে ওই এলাকা পুনর্দখল করলেও অনেক ইয়াজিদি অন্যত্র আইএসের হাতে বন্দী ছিল। তখনো ইরাকের উত্তরাঞ্চলের বিশাল উপত্যকা আইএসের নিয়ন্ত্রণে ছিল।

মানবিক সহায়তাবিষয়ক জাতিসংঘ দপ্তর জানিয়েছে, মুক্ত হওয়া ইয়াজিদি দাসদের মধ্যে নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও রয়েছে। তারা জাতিসংঘ জনসংখ্যা তহবিলের স্থাপিত আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছে। সেখানে তাদের খাদ্য, কাপড়চোপড়, চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।
জাতিসংঘের হিসাবমতে, সম্ভবত যৌন দাসী হিসেবে প্রায় দেড় হাজার নারী ও কম বয়সী মেয়ে এখনো আইএসের হাতে বন্দী রয়েছে। বিবিসি।